রেলওয়ের নিজস্ব নিরাপত্তায় রজ্জুপথের সংরক্ষিত এলাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ভোলাগঞ্জে রেলওয়ের রজ্জুপথ সংরক্ষিত এলাকায় (রোপওয়ের বাংকার) পরলওয়ের নিজস্ব নিরাপত্তায় নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে আনসার বাহিনীর সঙ্গে রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনীর একটি দলও সেখানে অবস্থান নিয়েছে। সংরক্ষিত এলাকা থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের চেষ্টায় বৃহস্পতিবার সংঘবদ্ধ হওয়া শ্রমিকেরা সংরক্ষিত এলাকা ত্যাগ করেছেন। রেলওয়ের রজ্জুপথ ও আনসার সূত্র জানায়, রেলওয়ের অধীন সিলেটের ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে সুনামগঞ্জের ছাতক পর্যন্ত রোপওয়ে (রজ্জুপথ) সচল রাখতে রেল মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের একটি তদন্ত দল সরেজমিন পরিদর্শন করে। ভোলাগঞ্জে রজ্জুপথ সংরক্ষিত এলাকায় প্রভাবশালী পাথর ব্যবসায়ীদের অবৈধ দখল ও পাথর উত্তোলন থাকায় পরিদর্শক দলের নির্দেশনায় পার্শ্ববর্তী ধলাই নদীতে একটি বালুর বাঁধ অপসারণ করা হয়। ওই বাঁধ অপসারণের পর গত বৃহস্পতিবার সংরক্ষিত এলাকায় রেলওয়ের নিজস্ব বাহিনী অবস্থান নিতে গেলে পাথর ব্যবসায়ীদের প্ররোচিত শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওই এলাকা অবরুদ্ধ করে রাখেন। এ সময় আটজন শ্রমিককে আটক করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সংরক্ষিত এলাকা থেকে শ্রমিকদের অবস্থান কেন্দ্র করে কর্তব্যরত আনসার সদস্যদের সঙ্গে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে আনসার সদস্যরা ফাঁকা গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আনসারদের গুলিবর্ষণের ঘটনায় পাথর উত্তোলন চেষ্টাকারী শ্রমিকেরা ভোলাগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে গেলে সন্ধ্যার পর শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করে নেন। আনসারের সহকারী কমান্ডার আবদুল মালিক জানান, শ্রমিকদের পাথর উত্তোলনে বাধা দেওয়ায় তাঁরা কয়েক দফা আনসার-সদস্যদের ধাওয়া করেন। একপর্যায়ে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। আটক শ্রমিকদের ছেড়ে দেওয়ার পর বিক্ষুব্ধ শ্রমিকেরা শান্ত হন জানিয়ে বৃহস্পতিবার রাতে কোম্পানীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম সরকার জানান, শ্রমিকদের দাবি পাথর উত্তোলন অব্যাহত রাখা। তাঁদের দাবির বিষয়ে আলোচনার আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার হয়। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনসহ রেলওয়ে কর্তৃপক্ষকে সমাধানের উদ্যোগ নেবেন বলে ওসি জানান।বাংলাদেশের একমাত্র রজ্জুপথ ভোলাগঞ্জ-ছাতক। রেলওয়ের অধীন রজ্জুপথের সংরক্ষিত এলাকা দেখভালে আনসার-সদস্যদের একটি দল নিয়োজিত ছিল। কিন্তু এর পরও সংরক্ষিত এলাকা থেকে পাথর উত্তোলন বন্ধ না হওয়ায় রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী হিসেবে মোট ৩০ জন সদস্য রজ্জুপথের সংরক্ষিত এলাকায় অবস্থান নিয়ে পাহারার কার্যক্রম শুরু করেছেন। রেলওয়ের নিরাপত্তা বাহিনীর ঢাকা অঞ্চলের কমান্ড্যান্ট এনামুল হক ও রজ্জুপথের ছাতক-ভোলাগঞ্জ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আহসান জাবির জানান, সংরক্ষিত এলাকায় গতকাল শুক্রবার থেকে তিনি দায়িত্ব নিয়েছেন।