রেলওয়ের নিরাপত্তা দুর্বলতাই দায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কমলাপুর রেলস্টেশনে বুকিং সহকারী ইসরাফিল হোসেন খুন ও টাকা লুটের ঘটনার জন্য রেলওয়ের নিরাপত্তা দুর্বলতাই দায়ী। ওই ঘটনায় গঠিত রেলওয়ের তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে এ কথা বলেছে। গত বৃহস্পতিবার এ প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
৪ অক্টোবর রাতে খুন হন ইসরাফিল। লুট হয় ১৭ লাখ টাকা। ঘটনা তদন্তে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (সিসিএম) মো. বেলাল উদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার কমিটি তাদের প্রতিবেদন দাখিল করেছে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. তাফাজ্জল হোসেনের কাছে।
তাফাজ্জল হোসেন গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘তদন্ত প্রতিবেদনটি ঢাকায় পাঠানো হচ্ছে। ঢাকার রেল ভবন থেকে যেভাবে নির্দেশনা আসবে, সেভাবেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
তদন্ত প্রতিবেদনে বলা হয়, বুকিং কার্যালয়ের ভেতরে সিসিটিভি স্থাপন করা হয়নি, ঈদ উপলক্ষে টিকিট বিক্রির টাকার নিরাপত্তায় রাতে কাউন্টারের ফটকে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও নিয়োজিত করা হয়নি এবং রাতে বুকিং কার্যালয়ে মাত্র একজন কর্মচারীকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তার এসব দায়িত্ব পালন না করা এবং রেলওয়ের নিজস্ব নিরাপত্তার দুর্বলতার কারণেই খুন ও অর্থ লুটের ঘটনা ঘটেছে।
তদন্ত কমিটি ভবিষ্যতে এসব ঘটনা এড়ানোর জন্য কমলাপুর বুকিং কার্যালয়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত এবং সংশ্লিষ্ট তদারক কর্মকর্তাদের শাস্তি দেওয়ার সুপারিশ করেছে। এ ছাড়া বুকিং কার্যালয়ের ভেতর সিসিটিভি স্থাপন ও বুকিং সহকারীদের পালাক্রমে সকাল আটটা থেকে বিকেল চারটা, বিকেল চারটা থেকে রাত ১২টা এবং রাত ১২টা থেকে পরদিন সকাল আটটা পর্যন্ত দায়িত্ব দেওয়ার সুপারিশ করা হয়েছে।