রেলওয়ের নিরাপত্তায় বাহিনী গঠনের বিল পাস
রেলওয়ের সম্পত্তির রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ও সুরক্ষায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী বিল-২০১৬ জাতীয় সংসদে পাস হয়েছে। রেলমন্ত্রী মুজিবুল হক বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
উচ্চ আদালতের রায় অনুযায়ী সামরিক আমলে জারি করা রেলওয়ে নিরাপত্তা বাহিনী অধ্যাদেশ-১৯৭৬ বাতিল করতে আইনটি করা হয়েছে।
জাতীয় পার্টির ফখরুল ইমাম ও রওশন আরা মান্নান, স্বতন্ত্র সাংসদ হাজি সেলিম ও আবদুল মতিন নোটিশ দেওয়ায় এবং স্পিকার একাধিকবার তাঁদের কথা বলার সময় বাড়িয়ে দেওয়ায় বিলটির ওপর গঠনমূলক আলোচনা হয় এবং বিলটি পাস হতে আধ ঘণ্টার বেশি সময় লাগে। তবে মন্ত্রী বিরোধী সদস্যদের কোনো সংশোধনী প্রস্তাব গ্রহণ করেননি।
বিলটিকে অন্য আইনের সঙ্গে সাংঘর্ষিক এবং এ বিষয়ে স্পিকারের রুলিং দাবি করে ফখরুল ইমাম বলেন, ‘মন্ত্রী আমার প্রশ্নের ব্যাখ্যা দেননি। আমাদের সঙ্গে থাকতে থাকতে স্বৈরাচার হয়ে গেছেন।’
বিলে বলা হয়েছে, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য অবাধ্য, শৃঙ্খলা ভঙ্গ, অসদাচরণ, দুর্নীতি, কর্তব্যে অবহেলা বা শিথিলতা দেখালে তাকে বরখাস্ত, অপসারণ, বাধ্যতামূলক অবসরে পাঠানো কিংবা তার পদাবনতি, পদোন্নতি স্থগিত করা যাবে।