রেলওয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত, রাজশাহীতে প্রার্থীদের বিক্ষোভ
পশ্চিমাঞ্চল রেলওয়ের নিরাপত্তা বাহিনীতে উপপরিদর্শক (এসআই) পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছেন প্রার্থীরা। গতকাল শুক্রবার নিয়োগ পরীক্ষা দিতে গিয়ে স্থগিতের নোটিশ দেখে তিন শতাধিক চাকরিপ্রার্থী এ বিক্ষোভ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১১টা থেকে নগরের লোকনাথ উচ্চবিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ে কেন্দ্রে গিয়ে স্থগিতের নোটিশ দেখে বিক্ষোভ শুরু করেন। তাঁরা সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রেলভবনের সামনে যান। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঠাকুরগাঁও থেকে পরীক্ষা দিতে আসা রবিউল ইসলাম বলেন, ‘রেলওয়ে কর্তৃপক্ষ স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা স্থগিত করেছে। কিন্তু ঠাকুরগাঁওয়ে রাজশাহীর স্থানীয় পত্রিকা কোথায় পাব।’ পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ পার্সোনেল অফিসার গোলাম কিবরিয়া বলেন, পরীক্ষার ভেন্যু-সংক্রান্ত জটিলতার কারণে কয়েক দিন আগেই পাঁচটি স্থানীয় ও পাঁচটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।