রেলওয়ের একটি নিয়োগ পরীক্ষায় গতকাল শুক্রবার ৪৪ হাজার ৭০০ আবেদনকারীর মধ্যে ২৮ হাজার ২০০ আবেদনকারীই পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিত ছিলেন। ধারণা করা হচ্ছে, পরীক্ষার আগে কয়েক দিনের হরতাল ও ছুটির কারণে অনেকেই প্রবেশপত্র হাতে পাননি। এ জন্য তাঁরা পরীক্ষায় অংশ নিতে পারেননি।রেলওয়ের সূত্রে জানা গেছে, বুকিং সহকারী গ্রেড-২ পদের নিয়োগ পরীক্ষা গতকাল রাজশাহীর ২৯টি ও চট্টগ্রামের পাঁচটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এ বছরের শুরুর দিকে এই নিয়োগ-প্রক্রিয়া শুরু হয়। ১১৭টি পদের বিপরীতে আবেদনপত্র জমা পড়ে ৫১ হাজার। যাচাই-বাছাই শেষে ৪৪ হাজার ৭০০ প্রবেশপত্র ছাড়া হয়। ১৪ মার্চ থেকে আবেদনকারীদের প্রবেশপত্র ছাড়ার প্রক্রিয়া শুরু হয়। কিন্তু এর পরের দিন থেকেই ঘন ঘন ছুটি ও টানা হরতালের কারণে পরীক্ষার আগে ১৪ দিনের মধ্যে কার্যদিবস ছিল মাত্র চার দিন। এর মধ্যে ১৫, ১৬, ২২ ও ২৩ মার্চ ছিল সাপ্তাহিক ছুটি। ১৭ মার্চ জাতীয় শিশু দিবস ও ২৬ মার্চ ছিল স্বাধীনতা দিবসের ছুটি। আর ১৮, ১৯, ২৭ ও ২৮ মার্চ ছিল হরতাল। এদিকে পরীক্ষার আগের দিনেও প্রবেশপত্র না পেয়ে স্থানীয় কিছু আবেদনকারী গত বুধবার রাজশাহীতে পশ্চিম রেলভবনে এসে বিক্ষোভ করেন। পরে বিক্ষোভকারীদের মধ্য থেকে প্রবেশপত্র পাওয়ার উপযুক্ত এমন ২১০ জনকে বিকল্প প্রবেশপত্র সরবরাহ করা হয়।গতকাল পরীক্ষা শেষে দেখা যায়, ৪৪ হাজার ৭০০ আবেদনকারীর মধ্যে মাত্র ১৬ হাজার ৫০০ আবেদনকারী পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন। নওগাঁ থেকে আসা আবেদনকারী ইলিয়াস উদ্দিন জানান, পরীক্ষার আগের দিন তিনি রেলভবনে খোঁজ নিয়ে জানতে পারেন যে তাঁর প্রবেশপত্র ছাড়া হয়েছে। অথচ তিনি তা হাতে পাননি। তিনি বিকল্প প্রবেশপত্র নিয়ে পরীক্ষা দেন।রেলওয়ের প্রধান সংস্থাপন কর্মকর্তা (পশ্চিম) অসীম তালুকদার বলেন, ১৪ মার্চ থেকেই তাঁরা প্রবেশপত্র ছাড়ার প্রক্রিয়া শুরু করেন। প্রবেশপত্রগুলো বাছাই করে রাজশাহী, খুলনা, চট্টগ্রাম ও ঢাকা জিপিওতে পাঠানো হয়েছিল, যাতে তাঁরা সেখান থেকে সহজে বিলি করতে পারেন। এর পরও যাঁরা পরীক্ষার আগের দিনে যোগাযোগ করেছিলেন, তাঁদের বিকল্প প্রবেশপত্র দেওয়া হয়।উপস্থিতি কম হওয়া প্রসঙ্গে অসীম তালুকদার বলেন, অনেকেই প্রবেশপত্র পেয়েও হয়তো আসেননি। কারণ, একই দিনে ব্যাংক, বিআরডিবিসহ কয়েকটি বড় নিয়োগ পরীক্ষা ছিল।