রেলওয়ের পোষ্য কোটার বাস্তবায়নে অবস্থান ধর্মঘট
বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের (ডিআরএম) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন লালমনিরহাট রেলওয়ে শ্রমিক-কর্মচারী পোষ্য পরিষদের সদস্যরা। নিয়োগের ক্ষেত্রে পোষ্য কোটার নিয়ম মানার দাবিতে গত বুধবার সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত তাঁরা এ কর্মসূচি পালন করেন।
পরিষদের বিভাগীয় শাখার সভাপতি বাদল মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য দেন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আলমগীর সরকার এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান প্রমুখ।
তাঁদের দাবি, রেলওয়ের চাকরিতে শ্রমিক ও কর্মচারীদের ৪০ ভাগ পোষ্য কোটা যথাযথভাবে মেনে চলতে হবে। চাকরির বয়সসীমা ৩০ বছর থেকে বাড়িয়ে ৩৫ বছর করতে হবে। চাকরিতে নিয়োগের ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতি করা চলবে না।
বক্তারা বলেন, রেলওয়েকে যুগোপযোগী এবং আধুনিক গণযোগাযোগ খাতে পরিণত করতে বিদ্যমান শূন্য পদগুলো পূরণ করতে রেলওয়ের শ্রমিক ও কর্মচারীদের পোষ্য কোটা অনুসরণ করতে হবে।