রেলওয়ের ভাড়া করা কক্ষে নেই পর্যাপ্ত সুযোগ-সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল মোটেল সৈকত কমপ্লেক্স ভেঙে ফেলার পর আট বছর ধরে নতুন রেলওয়ে স্টেশন ভবনের ভাড়া করা কক্ষে দায়সারাভাবে চলছে এর কার্যক্রম। পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় পর্যটকেরাও মুখ ফিরিয়ে নিয়েছে এর প্রতি। ২০০৪ সালে নগরের স্টেশন রোডের মোটেল সৈকত কমপ্লেক্সের পুরোনো ভবনটি ভেঙে ফেলা হয়। আগামী বছরের জুলাই মাসে নতুন ভবনের উদ্বোধনের কথা রয়েছে। করপোরেশন সূত্রে জানা যায়, গত বুধবার পর্যটন করপোরেশনের সঙ্গে বাংলাদেশ রেলওয়ের দুই বছর মেয়াদের ভাড়ার চুক্তি শেষ হয়েছে। চুক্তি নবায়নের জন্য রেলওয়ের মহাব্যবস্থাপকের কাছে আবেদন করা হয়েছে। এ প্রসঙ্গে পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক মো. সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা আগামী বছরের ৩০ জুলাই পর্যন্ত চুক্তি নবায়নের জন্য আবেদন করেছি।’ ২০০৪ সালের ১৯ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া মোটেল সৈকত কমপ্লেক্স প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দীর্ঘ ছয় বছর পর ২০১০ সালের শেষ দিকে প্রকল্পটি একনেকে অনুমোদিত হয়। গত বছরের ৮ আগস্ট দরপত্র আহ্বান করা হয়। পুরোনো ভবন ভেঙে ফেলার পর মাসিক দুই লাখ টাকা ভাড়ায় চট্টগ্রামে নতুন রেলওয়ে স্টেশনের দোতলায় ১৪টি কক্ষ নিয়ে চালানো হয় এর কার্যক্রম। কিন্তু এখানে কোনো রেস্তোরাঁ নেই। নেই কোনো অভ্যর্থনাকক্ষ। শুধু পর্যটকদের থাকার ব্যবস্থা রয়েছে। এর মধ্যে দুটি শীতাতপনিয়ন্ত্রিত কক্ষের ভাড়া এক হাজার ৭০০ টাকা। আর ১২টি সাধারণ কক্ষের ভাড়া এক হাজার ২০০ টাকা করে রাখা হচ্ছে। কিন্তু অপরিসর কক্ষ ও খাওয়ার ব্যবস্থা না থাকায় পর্যটকদের আগ্রহ কমে যেতে থাকে। পর্যটন করপোরেশনের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্পের কাজ তদারককারী কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, ‘বর্তমানে তৃতীয় তলার কাজ চলছে। আমরা আশা করছি, আগামী বছরের জুনের মধ্যেই প্রকল্পের প্রস্তাবিত কাজ সম্পূর্ণ শেষ করতে পারব।’ উল্লেখ্য, তিনতলাবিশিষ্ট হোটেল মোটেল সৈকত কমপ্লেক্সে পর্যটকদের জন্য ২৮টি কক্ষ ছিল। সেখানে পৃথক রেস্তোরাঁ, বাগান, তথ্যকেন্দ্র, বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থাও ছিল। কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান প্রভৃতি এলাকার পর্যটকদের রিজার্ভেশন কেন্দ্র হিসেবেও এটি ব্যবহূত হতো।