রেলওয়ের মাটি লুটছে নেতা-কর্মীরা!
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন স্টেশনের রেলওয়ে ইয়ার্ড কলোনি এলাকা থেকে হরিলুট হয়ে যাচ্ছে রেলের মাটি। মহাজোটের স্থানীয় নেতা-কর্মীরা সেখান থেকে প্রতিদিন ৫০ থেকে ৬০ ট্রাক্টর মাটি কেটে নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ওই এলাকার ঈদগাহসহ রেলওয়ের কোয়ার্টার ধসে পড়ার উপক্রম হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্টেশনের সাহেবপাড়া এলাকায় ৫০ মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে। সেখানে জায়গা ভরাট করার জন্য প্রচুর মাটি প্রয়োজন। কেন্দ্রের ঠিকাদার মোটা অঙ্কের টাকা দিয়ে মাটি কিনছেন। এই সুযোগে সান্তাহার পৌর যুবলীগের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর আসলাম সিকদার, পৌর যুবলীগের সদস্য মামুন, শহর জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য দুর্জয় হোসেনসহ ওই দুই দলের বেশ কিছু নেতা-কর্মী কলোনি এলাকার বিভিন্ন জায়গা থেকে মাটি কেটে বিক্রি করে দিচ্ছেন।গত বৃহস্পতিবার সরেজমিন দেখা গেছে, মাটি কেটে নেওয়ায় সেসব জায়গায় বিশাল গর্ত তৈরি হয়েছে। ট্রাক্টরে করে এই মাটি নেওয়া হচ্ছে ওই কেন্দ্রে। এতে ওই এলাকার ঈদগাহ ও রেলওয়ের কোয়ার্টার ঝুঁকির মুখে পড়েছে। স্থানীয় লোকজন জানান, এক সপ্তাহ ধরে দিনে এভাবে মাটি লুট চললেও রেলওয়ে কর্তৃপক্ষ রহস্যজনক কারণে নীরব। এ ব্যাপারে আসলাম সিকদারের সঙ্গে গত বৃহস্পতিবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। দুর্জয় বলেন, ‘যুবলীগ নেতা আসলাম সিকদার তাঁর দখলি জায়গা থেকে মাটি কেটে নিতে বলায় আমরা কেটে নিচ্ছি। তবে ওই জায়গা তাঁর নামে ইজারা নেওয়া আছে কি না, তা বলতে পারব না।’রেলওয়ের পাকশী বিভাগের প্রকৌশলী (কার্য) আহম্মেদ হোসেন মাসুুম জানান, যাঁরা রেলওয়ের জায়গা থেকে মাটি কেটে নিচ্ছেন, তাঁরা সম্পূর্ণ বেআইনি কাজ করছেন। মাটি কাটা বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে এবং যাঁরা এ ঘটনায় জড়িত তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রেলওয়ের বিভাগীয় ভূসম্পদ কর্মকর্তা কিরণ চন্দ্র রায় জানান, ওই জায়গা কারও নামে ইজারা দেওয়া হয়নি। ইজারা নেওয়া থাকলেও কেউ রেলওয়ের জায়গা থেকে মাটি কাটতে পারে না। সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক আবু হেনা শাহ বলেন, ‘জনবল কম থাকায় আমরা কোনো ব্যবস্থা নিতে পারছি না। জিআরপি থানা ইচ্ছা করলে এ বিষয়ে পদক্ষেপ নিতে পারে।’সান্তাহার জিআরপি থানার ওসি জসিম উদ্দীন বলেন, ‘যেসব জায়গা থেকে মাটি কাটা হচ্ছে তা আমার কর্মপরিধির বাইরে। থানা-পুলিশ এ বিষয়ে ব্যবস্থা নিতে পারে।’