রেলওয়ের মূল্যবান জমিতে দোকান নির্মাণের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ রেলস্টেশন-সংলগ্ন রেলওয়ের মূল্যবান ৪৭ হাজার ১০ বর্গফুট জমিতে দোকান নির্মাণ ও বরাদ্দ দেওয়ার চেষ্টা চলছে। এরই মধ্যে বরাদ্দ দেওয়ার নামে মোটা অঙ্কের অর্থ লেনদেন শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে। রেলওয়ে সূত্র জানায়, দুই মাস আগে অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিষদের ৪৭তম সভায় দোকান বরাদ্দের এই সুপারিশ করা হয়েছে। ২৩ ডিসেম্বর রেলমন্ত্রীর সভাপতিত্বে সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, রেলওয়ের মহাপরিচালক পদাধিকারবলে বাংলাদেশ রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান। তাঁর সভাপতিত্বে গত ৫ অক্টোবর রাজধানীর কমলাপুরে রেলওয়ে অফিসার্স রেস্টহাউস সম্মেলনকক্ষে ট্রাস্টের ব্যবস্থাপনা পরিষদের ৪৭তম সভা হয়। সভায় সুপারিশ করা হয়, নারায়ণগঞ্জ রেলস্টেশনের খালি জমিতে ৭৬টি দোকান নির্মাণ করা হবে। নারায়ণগঞ্জ হকার্স কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সদস্য হিসেবে যাঁরা কল্যাণ ট্রাস্টে টাকা জমা দিয়েছেন, তাঁদের অনুকূলে সেই দোকান বরাদ্দ করতে হবে। দোকান বরাদ্দের পরে তাঁদের নিয়ে নতুন একটি সমিতি গঠন করা যায়। ১২ মে নারায়ণগঞ্জ রেলস্টেশন-সংলগ্ন রেলওয়ে কলোনির ৪৭ হাজার ২০০ বর্গফুট জায়গা থেকে ৪২টি দোকান ও ১১০টি বসতঘর উচ্ছেদ করে কর্তৃপক্ষ। উচ্ছেদ শেষে সেখানে রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্টের নামে সাইনবোর্ড লাগানো হয়। সেদিন স্টেশন কলোনি সংগ্রাম কমিটির আহ্বায়ক কামাল হোসেন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ‘ভূমিদস্যুরা ইজারার নামে মূল্যবান জমি দখল করে সেখানে মার্কেট বানিয়ে কোটি কোটি টাকা নেওয়ার পরিকল্পনা করছে।’ক্ষতিগ্রস্ত লোকজন ও নাগরিক কমিটির আন্দোলনের পরিপ্রেক্ষিতে যোগাযোগমন্ত্রী ও তৎকালীন রেলমন্ত্রী ওবায়দুল কাদের খালি জায়গা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেন। পরে জেলা প্রশাসকের নির্দেশে ওই জমি ঘেরাও করে রাখা হয়। সর্বশেষ গত ৫ অক্টোবর রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিষদের সভায় ওই জমিতে ৭৬টি দোকান নির্মাণ করে তা বরাদ্দ দেওয়ার সুপারিশ রেলমন্ত্রীর কাছে পাঠানো হয়। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস বলেন, এখানে প্রতি শতাংশ জমির দাম কোটি টাকার বেশি। মুষ্টিমেয় ব্যক্তির স্বার্থে এই জমি ব্যবহার না করে এখানে বিনোদন পার্ক এবং শীতলক্ষ্যার তীরে পাশাপাশি গড়ে ওঠা নারায়ণগঞ্জ রেলস্টেশন, নদীবন্দর এবং লঞ্চ ও বাস টার্মিনাল ঘিরে একটি সমন্বিত যাত্রীসেবা টার্মিনাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সিটি করপোরেশন। সিটি করপোরেশন এরই মধ্যে ওই জমি জনস্বার্থে ব্যবহারের জন্য বরাদ্দ চেয়ে রেলওয়ের কাছে আবেদন করেছে। অসিত বরণ বিশ্বাস অভিযোগ করেন, প্রভাবশালীরা এরই মধ্যে ওই জমিতে দোকান নির্মাণ এবং তা বরাদ্দ দেওয়ার নামে অবৈধ অর্থের লেনদেন শুরু করেছে।নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহসভাপতি রফিউর রাব্বি বলেন, মার্কেট নির্মাণের জন্য ওই জমি থেকে রেলে চাকরিসূত্রে ও বংশানুক্রমে দু-তিন পুরুষ ধরে বসবাসকারী শতাধিক হতদরিদ্র পরিবার ও হরিজন সম্প্রদায়ের লোকজনকে উচ্ছেদ করা হয়েছে। এই জমিতে মুষ্টিমেয় ব্যক্তির স্বার্থে মার্কেট নির্মাণ করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। রেলওয়ের উচিত মূল্যবান এই জমি জনস্বার্থে ব্যবহার করা।বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আহমেদুল হক বলেন, তিনি ট্রাস্টের সদস্য নন। তাই তিনি ওই বৈঠকে উপস্থিত ছিলেন না। তিনি বলেন, মন্ত্রণালয় ইচ্ছা করলে বরাদ্দ দিতে পারে।