রেলওয়ের যাত্রীসেবা সপ্তাহ শুরু
বাংলাদেশ রেলওয়ের সপ্তাহব্যাপী ‘যাত্রীসেবা সপ্তাহ-২০১৫’ গতকাল শুক্রবার শুরু হয়েছে। রেল সচিব ফিরোজ সালাউদ্দিন সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে এই সেবা সপ্তাহের উদ্বোধন করেন। রেলপথ মন্ত্রণালয়ের পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের সব রেলস্টেশনে এই কর্মসূচি পালন করা হচ্ছে। খবর বাসসের।
যাত্রীসেবা সপ্তাহের উদ্দেশ্য হচ্ছে রেলওয়েতে যাত্রীসেবার মান বাড়ানো, সঠিক সময়ে ট্রেন চলাচল, ট্রেন ও স্টেশনগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং রেলপথে যাত্রীদের সর্বাত্মক সহযোগিতা প্রদান। এ ছাড়া বিনা টিকিটে রেল ভ্রমণ ও টিকিট কালোবাজারি রোধে ব্যবস্থা নেওয়ার বিষয়টিও কর্মসূচির মধ্যে রয়েছে। কর্মসূচি চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।
উদ্বোধন শেষে রেলপথ সচিব, রেলওয়ের মহাপরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়ানো একটি ট্রেনের যাত্রীদের ফুল ও চকলেট দিয়ে সেবা সপ্তাহের শুভেচ্ছা জানান। পরে তাঁরা যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
রেল সচিব বলেন, যাত্রীদের অধিক সেবা দিতে সরকার কাজ করে যাচ্ছে। যাত্রীসেবার মান বাড়ানোর জন্য নতুন নতুন লোকোমোটিভ ও কোচ (বগি) আনা হচ্ছে এবং নতুন রেলপথ নির্মাণ করা হচ্ছে।