রেলওয়ের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে বারবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় (সিলেট-আখাউড়া রেলপথ) বিভিন্ন এলাকায় দুর্বৃত্তরা ভূগর্ভস্থ ফাইবার অপটিক কেব্ল লাইন বারবার কেটে দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে রেলওয়ের ডিজিটাল ফোন ও ট্রেনের সাংকেতিক যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। এ ছাড়া বেশির ভাগ এলাকায় রেললাইনের পাশে মুঠোফোন অপারেটর গ্রামীণফোনের টাওয়ারের সঙ্গে ওই ফাইবার অপটিক কেব্ল যুক্ত থাকায় নেটওয়ার্কেও সমস্যা হচ্ছে। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় দুটি সভা হয়েছে। কুলাউড়ার চৌধুরী বাজার ও বিকেলে টিলাগাঁও রেলস্টেশন চত্বরে সচেতনতামূলক সভায় সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। কেব্ল কাটা প্রসঙ্গে কুলাউড়া জংশন রেলস্টেশনের টেলিকমিউনিকেশন মেইনটেইনার (টিসিএম) মোহাম্মদ আলী খান বলেন, বিষয়টি খুবই উদ্বেগজনক। দুর্বৃত্তরা মূলত চুরির উদ্দেশ্যে এ কাজটি করে থাকে। যদিও ওই লাইনের ভেতরে তামার তার থাকে না। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম, রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল জলিল, টিলাগাঁও ইউপির চেয়ারম্যান সৈয়দ মহিউদ্দিন হোসেন ও গ্রামীণফোনের নিরাপত্তা কর্মকর্তা তাপস সমাজপতি। দুটি সভাতেই বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।বিভিন্ন সূত্রে জানা যায়, সর্বশেষ গত বুধবার রাতেও দুর্বৃত্তরা রসিদপুর ও সাটিয়াজুরি রেলস্টেশনের মধ্যবর্তী স্থানে মাটি খুঁড়ে ফাইবার কেব্ল লাইন কেটে দেয়। এর আগে ৫ ফেব্রুয়ারি রাতে শায়েস্তাগঞ্জ ও শাহজিবাজার রেলস্টেশনের মধ্যবর্তী সুতাং রেলস্টেশনের আউটার, কুলাউড়া জংশন ও শমশেরনগর রেলস্টেশনের মধ্যবর্তী টিলাগাঁও এবং কুলাউড়া জংশন ও লংলা রেলস্টেশনের মধ্যবর্তী একটি রেলসেতুর পাশে ফাইবার অপটিক কেব্ল লাইন কেটে ফেলা হয়। রেলওয়ের টেলিকমিউনিকেশন বিভাগের প্রকৌশলীরা লাইনগুলো মেরামত করেন। এসব ঘটনায় সংশ্লিষ্ট রেলওয়ে থানায় (জিআরপি) সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।