রেলওয়ের লাইসেন্স ভাড়া বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ
বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনে চলতি অর্থবছর থেকে রেলভূমিতে স্থাপিত বাণিজ্যিক ও কৃষি লাইসেন্স ভাড়া দ্বিগুণ করার প্রতিবাদে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন স্টেশনে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।সোমবার সান্তাহার রেলভূমি লিজগ্রহীতা স্বার্থসংরক্ষণ সংগ্রাম পরিষদ এই কর্মসূচি পালন করে। অবরোধ ও বিক্ষোভ শেষে সান্তাহার স্টেশনের মুক্তিযোদ্ধা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে অবিলম্বে বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি জানানো হয়। সান্তাহার জংশন শহরের পৌর কাউন্সিলর আবদুল কুদ্দুসের সভাপতিত্বে সমাবেশে এলাকার কয়েক শ লাইসেন্সধারী ব্যক্তি উপস্থিত ছিলেন।রেলওয়ে সূত্রে জানা গেছে, জুন মাসের দ্বিতীয় সপ্তাহে পাকশী বিভাগের স্টেট কর্তৃপক্ষ গত বছরের চেয়ে দ্বিগুণ হারে লাইসেন্স ভাড়া প্রদানের জন্য সান্তাহার শহরে মাইকে প্রচার করে। এ ঘোষণার প্রতিবাদে গত শনিবার সান্তাহার শহরের সব লাইসেন্সধারী ব্যক্তি সান্তাহার রেলভূমি লিজগ্রহীতা স্বার্থসংরক্ষণ সংগ্রাম পরিষদ গঠন করেন। পরিষদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সান্তাহার শহরের সব ব্যবসাপ্রতিষ্ঠান দুই ঘণ্টা বন্ধ রাখা হয়। পরে একটি বিশাল বিক্ষোভ মিছিল স্টেশন এলাকা প্রদক্ষিণ করে।