রেলওয়ের সম্পত্তিতে অবৈধ দোকানপাট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের দেয়াল ঘেঁষে রেলওয়ের সম্পত্তিতে প্রভাবশালী একটি মহল অবৈধভাবে অর্ধশতাধিক দোকানপাট গড়ে তুলেছে।
সরেজমিনে দেখা যায়, নারায়ণগঞ্জ-আদমজী ইপিজেড-শিমরাইল সড়কের পাশে আদমজী ইপিজেডের প্রধান ফটকের দেয়াল ঘেঁষে রেলওয়ের সম্পত্তিতে দোকানপাট বসানো হয়েছে। এখানে রয়েছে হোটেল-রেস্তোরাঁ, কনফেকশনারি, ফ্লেক্সিলোড ও চা-বিস্কুটের দোকান। এসব দোকান থেকে প্রভাবশালী মহল প্রতি মাসে লাখ লাখ টাকা ভাড়া নিচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয় ব্যক্তিরা।
আদমজী ইপিজেডের পাশের কদমতলী এলাকার বাসিন্দা আবদুল বারেক বলেন, ইপিজেডের দেয়াল ঘেঁষে গড়ে ওঠা দোকানপাটগুলোতে সন্ত্রাসীরা আড্ডা দেয়। ইপিজেডের ঝুটসহ বিভিন্ন ব্যবসা নিয়ন্ত্রণে নিতে সন্ত্রাসীরা এখানে নিয়মিত মহড়া দিচ্ছে।
আদমজী ইপিজেডের মহাব্যবস্থাপক (জিএম) আশরাফুল কবীর বলেন, আদমজী ইপিজেডের প্রধান ফটকের পাশে গড়ে ওঠা দোকানপাটগুলো অবৈধ। জায়গাটি রেলওয়ের। তিনি বলেন, ‘এ অবৈধ দোকানপাট উচ্ছেদ করা প্রয়োজন। আমরা রেলওয়ে কর্তৃপক্ষকে উচ্ছেদ করার জন্য বলেছি।’
বাংলাদেশ রেলওয়ের সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা কাজী মো. হাবিব উল্ল্যাহ বলেন, ‘সিদ্ধিরগঞ্জ এলাকায় রেলওয়ের কোনো জমিই লিজ (ইজারা) দেওয়া হয়নি। আদমজী ইপিজেডের পাশে গড়ে ওঠা দোকানপাটগুলো সম্পূর্ণ অবৈধ। নারায়ণগঞ্জের কোনো জায়গা কৃষি লিজ দেওয়া যাবে না। দিলে দিতে হবে বাণিজ্যিক লিজ। বাণিজ্যিক লিজ দেওয়ার ক্ষমতা আমাদের বিভাগের নেই। রেল মন্ত্রণালয় লিজ দিতে পারে। রেল মন্ত্রণালয় লিজের অনুমোদন দেওয়ার পর টেন্ডার হবে। টেন্ডারের মাধ্যমে লিজ দেওয়া হবে।’