রেলওয়ের সাতটি গাছ লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট জেলা শহরের মাত্র চার কিলোমিটার দূরে মোগলহাট ইউনিয়নের রেললাইনের পাশের ফুলগাছ গ্রামসহ আশপাশের দু-তিনটি গ্রামের অর্ধশত বছরের পুরোনো সাতটি শিমুলগাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১১ থেকে ১৮ নভেম্বর জেলা শহরের প্রভাবশালী কয়েকজন ব্যক্তি মূল্যবান এসব গাছ কেটে ট্রাকে করে নিয়ে গেছেন।মোগলহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, রেলওয়ের ইন্সপেক্টর অব ওয়ার্ক উপসহকারী প্রকৌশলী সাইদুর রহমান ও লালমনিরহাট জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিনকে বারবার সংবাদ দেওয়া হলেও তাঁরা গাছগুলো রক্ষার কোনো ব্যবস্থা নেননি। তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া না হলে অবশিষ্ট গাছগুলোর একটিও রক্ষা পাবে না।সাইদুর রহমান চৌধুরী বলেন, ‘গত শুক্রবার রাতে দুর্বৃত্তদের কেটে রাখা শিমুলগাছের চার-পাঁচটি বড় খণ্ড উদ্ধার করেছি। পরদিন শনিবার লালমনিরহাট সদর থানায় অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি।’লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার ওসি জহির উদ্দিন বলেন, ‘গাছ কাটার সঙ্গে কারা জড়িত, তা উপসহকারী প্রকৌশলী সাইদুর রহমান জেনেও অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের ওপর দোষ দিয়ে ঠিক কাজ করেননি। তবে আমি কর্তব্যে অবহেলা করিনি এবং দুর্বৃত্তদের সঙ্গে জড়িত নই।’সদর থানার ওসি জমির উদ্দিন বলেন, ‘ইন্সপেক্টর অব ওয়ার্ক উপসহকারী প্রকৌশলী সাইদুর রহমান চৌধুরী ঘটনার জন্য দায়সারা গোছের অস্পষ্ট অভিযোগ দেওয়ায় তা রেকর্ড না করে তাঁকে সঠিকভাবে লিখে দেওয়ার জন্য বলেছি। রেল কর্তৃপক্ষ অভিযোগটি যথাযথভাবে লিখে দিলেই তা রেকর্ড করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’লালমনিরহাট রেলের বিভাগীয় নির্বাহী প্রকৌশলী আসাদুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে উপসহকারী প্রকৌশলী সাইদুর রহমান চৌধুরী ও জিআরপি ওসিকে বলেছিলাম। উপসহকারী প্রকৌশলী কেন অজ্ঞাতনামা ব্যক্তিদের ওপর দোষ চাপিয়ে থানায় অভিযোগ দিলেন, সেটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’