রেলওয়ের সিন্দুক থেকে আট লাখ টাকা খোয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল, রাজশাহীর প্রধান বুকিং সহকারীর (টিকিট) কক্ষে রক্ষিত সিন্দুক থেকে আট লাখ টাকার বেশি খোয়া গেছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে বিষয়টি জানাজানি হলে রেলওয়ের ওপর মহলে তোলপাড় শুরু হয়। এ ব্যাপারে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাজশাহী রেলওয়ে স্টেশন সুপার আবদুল করিম বলেন, ‘আগের দিনে সিন্দুকে চলতি তহবিলের ১১ লাখ টাকা রাখা ছিল। সিন্দুকের চাবিও আমার সঙ্গেই রয়েছে। কিন্তু সিন্দুকে গতকাল সকালে মাত্র তিন লাখ টাকা পাওয়া গেছে। বাকি আট লাখ টাকার কোনো হদিস নেই।’ তিনি জানান, সাধারণত ওই সিন্দুকের চাবি প্রধান বুকিং সহকারী রাব্বেল আলী, বুকিং সহকারী শাহাবুদ্দিন ও আবদুর রহমান ব্যবহার করে থাকেন। এ ব্যাপারে তিনি একটি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। খবর পেয়ে দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৫) কর্মকর্তারা আসেন। তাঁরা প্রধান বুকিং সহকারী রাব্বেল আলীকে জিআরপি পুলিশের জিম্মায় দিয়ে চলে যান। রেলওয়ে সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে রেলওয়ের প্রধান বুকিং সহকারী (টিকিট) রাব্বেল আলী তাঁর সিন্দুকে রাখা আট লাখ ৮৪ হাজার টাকা নেই বলে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। একপর্যায়ে বিষয়টি জানাজানি হয়ে যায়। এ ব্যাপারে রাব্বেল আলী বলেন, টাকা উদ্ধারের চেষ্টা চলছে। বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফেরদৌস আলম জানান, তদন্ত না করে এ অবস্থায় কিছু বলা যাচ্ছে না। এ জন্য অতিরিক্ত সংস্থাপন কর্মকর্তা মুরাদ হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে।রাজশাহী রেলওয়ের জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘বিষয়টি মৌখিকভাবে জেনেছি। এখনো মামলা হয়নি।’