রেলওয়ের ১৫টি গাছ কেটে বাড়ি নির্মাণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জ রেলস্টেশনের পাশে অন্তত ৮ শতক জায়গার ১৫টি গাছ অবৈধভাবে কেটে নেওয়ার পর সেখানে পাকা বাড়ি নির্মাণ করা হচ্ছে। গত শনিবার তোলা ছবি l প্রথম আলো
রংপুরের বদরগঞ্জ রেলস্টেশনের পাশে অন্তত ৮ শতক জায়গার ১৫টি গাছ অবৈধভাবে কেটে নেওয়ার পর সেখানে পাকা বাড়ি নির্মাণ করা হচ্ছে। গত শনিবার তোলা ছবি l প্রথম আলো

রংপুরের বদরগঞ্জ রেলস্টেশনের পাশে অন্তত ৮ শতক জায়গার ১৫টি গাছ অবৈধভাবে কেটে নেওয়ার পর সেখানে পাকা বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। স্টেশনপাড়ার বেলাল হোসেন নামের এক ব্যক্তি ওই পাকা বাড়ি নির্মাণ করছেন। এ ব্যাপারে রেলওয়ে স্টেশনমাস্টার আবদুল মাজেদ গত বছরের ১০ ডিসেম্বর রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর লিখিতভাবে জানিয়েছেন। এরপরও তারা কোনো ব্যবস্থা নেয়নি।
এদিকে ওই ঘটনায় বেলালের বিরুদ্ধে রেল কলোনির বাসিন্দা রোকসানা বেগমও গত ১৬ জানুয়ারি বাংলাদেশ রেলওয়ের রাজশাহীর প্রধান ভূসম্পত্তি কমকর্তা ও লালমনিরহাট বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তাসহ রেলের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
ওই দুই অভিযোগ ও রেল কলোনি এলাকার অন্তত পাঁচজন বাসিন্দা বলেন, বদরগঞ্জ রেলওয়ের ১৩ টিএ ও বিএ কোয়ার্টারের পেছনে সরকারি অন্তত ৮ শতক জায়গায় মেহগনি, নারিকেল, সুপারিসহ অন্তত ১৫টি গাছ ছিল। গাছগুলো রেলওয়ের পক্ষ থেকে ২০-২৫ বছর আগে লাগানো হয়। গত বছরের ৯ ডিসেম্বর রাতে গাছগুলো কেটে সকালের মধ্যেই তা সরিয়ে নেন বেলাল। খবর পেয়ে ভোররাতেই দুই সহকর্মীকে নিয়ে গাছ কাটতে বাধা দেন স্টেশনমাস্টার মাজেদ। এ সময় বেলাল তাঁদের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করতে বলেন। ১০ ডিসেম্বর মাজেদ রেলওয়ের নিয়ন্ত্রণকক্ষের মাধ্যমে লালমনিরহাটের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা, ওসি জিআরপি, দিনাজপুরের সহকারী নির্বাহী প্রকৌশলী ও উপসহকারী নির্বাহী প্রকৌশলী বরাবরে বেলালের বিরুদ্ধে তারবার্তা পাঠান। পরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন রংপুর রেলওয়ের উপসহকারী প্রকৌশলী গোলাম মোস্তফা। এ সময় তিনি ঘটনাস্থলে কাটা গাছ না পেয়ে উল্টো স্টেশনমাস্টারকে শাসান। পরে তাঁকে কর্তন করা গাছের ছবি দেখানো হলেও তিনি ব্যবস্থা নেননি।
মাজেদ বলেন, গাছ কাটার দুদিন পর থেকে ওই জায়গায় পাকা বাড়ি নির্মাণের কাজ শুরু করেন বেলাল। বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু তারা দীর্ঘদিনেও ব্যবস্থা নেয়নি। ফলে সেখানে ছয়টি পাকা কক্ষ ও দুটি বাথরুম নির্মাণে ইটের গাঁথুনির কাজ প্রায় শেষ হয়েছে। এ ছাড়া তিনি গাছ কেটে নেওয়ার ও পাকা বাড়ি নির্মাণে বাধা দেওয়ার পর থেকে তাঁকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন বেলাল।
রোকসানা বলেন, ‘ওই গাছ কর্তনের মুঠোফোনে ধারণ করা একাধিক ছবিসহ বাড়ি নির্মাণ করার অভিযোগ গত ১০ জানুয়ারি রাজশাহী রেলওয়ের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তাসহ রেলওয়ের বিভাগীয় বিভিন্ন দপ্তরে পাঠিয়েছি, কিন্তু কাজ হয়নি।’
খোঁজ নিয়ে জানা গেছে, ওই ঘটনায় দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ফিল্ড কানুনগো আবদুল আজিজ গত ১৮ জানুয়ারি বেলালের বিরুদ্ধে লালমনিরহাট জিআরপি থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগে গাছ কর্তনের কথা উল্লেখ নেই। শুধু বলা হয়েছে, রেল কলোনিতে ৭৫০ বর্গফুট জায়গার ওপর বেলাল অবৈধভাবে আধা পাকা ঘর নির্মাণ করছেন।
বেলাল বলেন, ‘৩৫০ স্কয়ার ফিট জায়গা রেলের কাছ থেকে আমি বাণিজ্যিক বন্দোবস্ত নিয়ে বাড়ি করছি।’ রেলের জমি বাণিজ্যিক বন্দোবস্ত নিয়ে অবৈধভাবে পাকা বাড়ি নির্মাণ এবং আট শতক জায়গার গাছ কেটে নিয়ে দখল করা প্রসঙ্গে তিনি বলেন, ‘সেখানে গাছ ছিল না। ইজারার চেয়ে আমি হয়তো কিছুটা বেশি জায়গা নিয়েছি।’
কানুনগো আবদুল আজিজ বলেন, ‘ওই স্থান দখল করে পাকা ঘর নির্মাণ করার ব্যাপারে বেলালের নামে থানায় লিখিত এজাহার দিয়েছি। বিষয়টি দেখার দায়িত্ব এখন জিআরপি পুলিশের।’
রেলওয়ের রাজশাহী বিভাগীয় প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা আবদুল মান্নান গত শনিবার বলেন, ‘এ ঘটনায় আমার দপ্তরে কেউ লিখিত অভিযোগ দিলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’ রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় অতিরিক্ত ভূসম্পত্তি কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, ‘ওই ঘটনায় কানুনগোকে দিয়ে জিআরপি থানায় অভিযোগ করিয়েছি। বিষয়টি আমার নজরে আছে।’
লালমনিরহাট জিআরপি থানার ওসির মুঠোফোন নম্বরে গত শনিবার যোগাযোগ করা হলে এসআই আইয়ুব হোসেন ধরেন। তিনি বলেন, স্যার (ওসি) ছুটিতে আছেন। রেল কলোনির আইনশৃঙ্খলা দেখবে বেঙ্গল পুলিশ। এ কারণে কানুনগোর ওই অভিযোগ পেলেও আমরা কোনো ব্যবস্থা নিতে পারিনি।’