রেলওয়ের ২৭টি গাছ কেটে নিলেন ব্যবসায়ী!
সিলেটের ফেঞ্চুগঞ্জে রেলওয়ের ভূমি থেকে বিভিন্ন প্রজাতির ২৭টি গাছ কেটে নিয়েছেন ব্যবসায়ী সম্ভু সাহা। গুদামে মালামাল পরিবহনের সুবিধার্থে মঙ্গলবার সকাল থেকে গভীর রাতে তিনি গাছগুলো কেটে নেন। এলাকাবাসীর অনেকে জানান, মেসার্স শীতল ট্রেডার্সের স্বত্বাধিকারী সম্ভু সাহা ফেঞ্চুগঞ্জ রেলওয়ে সেতুর দক্ষিণ-পশ্চিমাংশে সারিবদ্ধভাবে সমতল ভূমির ওপর লাগানো ওই গাছগুলো কেটে গোড়া বালু দিয়ে ঢেকে দেন। গাছাগুলোর দাম প্রায় তিন লাখ টাকা। স্থানীয় লোকজনের অভিযোগ, সম্ভু সাহা রেলওয়ের সিলেট স্টেশনের কর্মকর্তাদের হাত করে রেলওয়ের ওই গাছগুলো কেটে অন্যত্র সরিয়ে নেন। ব্যবসায়ী সম্ভু সাহা বলেন, বাণিজ্যিকভাবে ইজারা নেওয়া ভূমিতে তাঁর একটি ময়দার কারখানা রয়েছে। গাছগুলো ঘরের টিনের চালের ক্ষতি করায় কেটে ফেলা হয়েছে। সিলেট রেলস্টেশনের উপসহকারী প্রকৌশলী (আইডব্লিউ) আকবর হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।