রেলওয়ের ৭০২ একর জমি বিক্রির উদ্যোগ!
বিধি ভেঙে বাংলাদেশ রেলওয়ে, পশ্চিমাঞ্চল তাদের পরিত্যক্ত ৭০২ একর জমি বিক্রির উদ্যোগ নিয়েছে। এই জমি বিক্রির আইনগত কোনো বিধিবিধান খুঁজে না পাওয়ায় রাজশাহী জেলা প্রশাসন বিপাকে পড়েছে।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রেলওয়ে পশ্চিমাঞ্চল চাঁপাইনবাবগঞ্জের আমনুরা ও রাজশাহীর গোদাগাড়ী অংশের পরিত্যক্ত ৭১৬ দশমিক ৮৩ একর জমি কাগজপত্রে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর ও তা বিক্রি করে টাকা রেলওয়ের ভূসম্পত্তি খাতে জমা দেওয়ার জন্য চিঠি দিয়েছে। নিয়ম অনুযায়ী কোনো সংস্থার নামে রেকর্ডীয় জমি অব্যবহূত থাকলে তা জেলা প্রশাসনকে ফেরত দিতে হবে, কেবল কাগজে-কলমে হস্তান্তর নয়। পরে জেলা প্রশাসন ওই জমি এক নম্বর খাসখতিয়ানভুক্ত করে সরকারি বিধিবিধান অনুযায়ী বন্দোবস্ত বা ইজারা দেবে। কিন্তু জমি বিক্রি করার কোনো বিধান নেই।নথিপত্র সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ১৭ এপ্রিল তৎকালীন যোগাযোগমন্ত্রীর সভাপতিত্বে রেলওয়ে কর্তৃপক্ষের ২৬তম সভায় এ জমি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রণালয়ের পরের বৈঠকে আমনুরার অংশ বাদ দিয়ে শুধু গোদাগাড়ী অংশের ৭০২ দশমিক ৫০ একর জমি বিক্রির সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী এই জমি জেলা প্রশাসনের কাছে হস্তান্তরের জন্য রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা, পাকশীকে চিঠি দেওয়া হয়।২০০৬ সালের ৩১ মে রাজশাহী জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে গোদাগাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শহীদুল ইসলাম ভূঞা এই রেকর্ডীয় জমি হস্তান্তরের কাগজপত্র বুঝে নেন। রেলওয়ে পাকশীর ভূসম্পত্তি কর্মকর্তা আবদুল মতিনসহ তিনজন কর্মকর্তা রেলওয়ের পক্ষে হস্তান্তরপত্রে স্বাক্ষর করেন।২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ের এসএ শাখা থেকে ভূমি মন্ত্রণালয়ে একটি চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠিতে রাজশাহীর তৎকালীন জেলা প্রশাসক শেফাউল করিম লিখেছেন, পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা ওই জমি বিক্রি করে টাকা রেলওয়ে খাতে জমা দেওয়ার জন্য বারবার তাগিদ দিচ্ছেন। কিন্তু এই জমি জেলা প্রশাসনের বিক্রি করার কোনো বিধান নেই।পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা কামাল আহাম্মেদ গত শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত জেলা প্রশাসন ওই জমি বিক্রি করতে পারেনি। কিছুদিন আগে এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্তের জন্য রেলওয়ের মহাপরিচালকের কাছে চিঠি লিখেছি। মহাপরিচালক এই চিঠির আলোকে রেলপথ বিভাগের সচিবকে লিখবেন।’রাজশাহীর জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার বখত বলেন, ‘এভাবে জমি বিক্রির কোনো বিধান নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’