রেলকে চারটি জোনে ভাগ করা হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের ভৌগোলিক অবস্থা এবং জনগণের প্রয়োজন বিবেচনা করে রেল সেক্টর উন্নয়নের জন্য বাংলাদেশ রেলওয়েকে চারটি জোনে ভাগ করা হবে। ব্রিটিশ আমলে সেই সময়ের প্রয়োজন বিবেচনা করে বাংলাদেশ রেলওয়েকে পূর্বাঞ্চলীয় ও পশ্চিমাঞ্চলীয় দুটি জোনে ভাগ করা হয়েছিল। এখন রেল সেক্টরের ও রেলের সেবার মান উন্নয়নে বাংলাদেশ রেলওয়েকে উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম এই চারটি জোনে ভাগ করা হবে।
প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার রেলভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রেল মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন। অনুষ্ঠানে রেলমন্ত্রী এম মুজিবুল হক স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মনসুর আলী সিকদার এবং মন্ত্রণালয়ের ও প্রধানমন্ত্রীর অফিসের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খবর বাসসের।
শেখ হাসিনা সারা দেশে রেল যোগাযোগ ও সম্প্রসারণে তাঁর সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, জনগণের চলাচল এবং ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি করতে প্রতিটি স্থল ও সমুদ্র বন্দরের সঙ্গে রেল যোগাযোগ স্থাপন করা হবে। তিনি বলেন, এখন থেকে সব রেললাইন নির্মিত হবে ডুয়েল গেজে।
প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার কিছু সংখ্যক দাতা সংস্থা ও বিএনপি-জামায়াত জোট সরকারের ষড়যন্ত্র থেকে রেল সেক্টরকে উদ্ধার করেছে। ভবিষ্যতে আর কখনোই দাতাদের পরামর্শে রেলের উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে না। দেশের চাহিদা অনুযায়ী প্রকল্প নেওয়া হবে।
শেখ হাসিনা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন পর্যবেক্ষণে তাঁর পরিকল্পনার অংশ হিসেবে রেল মন্ত্রণালয় পরিদর্শনে আসেন। তিনি প্রকল্প বাস্তবায়নে বাধাগুলো অপসারণে পরামর্শ দেন। মন্ত্রণালয়ের কর্মকাণ্ড আরও গতিশীল করতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী সপ্তাহের প্রতি রোববার ও বৃহস্পতিবার বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করছেন। তার এই পরিদর্শন পরিকল্পনার অংশ হিসেবে আজ রেল মন্ত্রণালয় পরিদর্শনে যান।
প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার নৌ পরিবহনের মতো রেলওয়েকে গুরুত্ব দিয়ে রেল মন্ত্রণালয় গঠন করেছে। স্বল্প খরচে রেলে পণ্য পরিবহন করা সম্ভব। এ জন্য যোগাযোগের ক্ষেত্রে রেলওয়ে খুবই গুরুত্বপূর্ণ।
বিশ্বব্যাংক যমুনায় পৃথক একটি রেলসেতু তৈরির প্রস্তাব দিয়েছে
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক সব সময় যমুনা সেতু নির্মাণে নিরুৎসাহিত করেছে। তারা বলেছে, এ সেতু লাভজনক হবে না। তবে আমরা সব তথ্য যাচাইবাছাই করে আমরা এই সেতু নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম। বিশ্বব্যাংক এখন যমুনা নদীর ওপর আরও একটি পৃথক রেলসেতু করার প্রস্তাব দিয়েছে। তিনি বলেন, যমুনা নদীর ওপর একটি পৃথক রেলসেতু নির্মাণ করার পরিকল্পনা তাঁর সরকারের রয়েছে।
শেখ হাসিনা বলেন, গাইবান্ধা ও জামালপুরের যোগাযোগ সুবিধা বৃদ্ধিতে বাহাদুরাবাদ ঘাট থেকে বালাশি ঘাট পর্যন্ত একটি টানেল নির্মাণের পরিকল্পনাও তাঁর সরকারের রয়েছে। তিনি বলেন, জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে রেলওয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে ট্রান্স এশিয়া নেটওয়ার্ক ও এশীয় মহাসড়ক নেটওয়ার্কের সঙ্গে বাংলাদেশের সংযোগের জন্য উদ্যোগ নেওয়ার পরিকল্পনাও আমাদের রয়েছে।
প্রধানমন্ত্রী দোহাজারি থেকে কক্সবাজার গুনদুম পর্যন্ত রেল যোগাযোগ স্থাপনের প্রক্রিয়া শুরু করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই রুটে মিটার গেজ লাইনের পরিবর্তে ডুয়েল গেজ লাইন নির্মাণের জন্য বর্তমান প্রকল্প প্রস্তাবটি পরিবর্তন করতে হবে।