রেলকে ব্যবহার করে অনেকে কোটিপতি হয়েছেন: যোগাযোগমন্ত্রী
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘রেলকে ব্যবহার করে অনেক কর্মকর্তা-কর্মচারী কোটিপতি হয়েছেন, কিন্তু রেলের দুরবস্থা রয়ে গেছে। আমি স্বচ্ছতার সঙ্গে কাজ করে রেলকে আধুনিকায়নের চেষ্টা করব। এ ব্যাপারে আগামীকাল (সোমবার) মন্ত্রণালয়ের সব কর্মকর্তাকে নিয়ে আলোচনায় বসব।’কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের কাজ পরিদর্শনকালে গতকাল শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমাদের আর্থিক কোনো সংকট নেই। অসময়ে বৃষ্টির কারণে কাজের গতি মন্থর হয়ে গেছে। এ পর্যন্ত ১০টি প্রকল্পের গড়ে ২০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বর মাসে ৪২ কিলোমিটার, ২০১৩ সালের মার্চ মাসে ৮২ কিলোমিটার এবং ২০১৩ সালের ডিসম্বর মাসে চার লেনের সম্পূর্ণ কাজ শেষ করতে পারব বলে আশা করছি।’ঝুঁকিপূর্ণ মেঘনা ও মেঘনা-গোমতী সেতু সম্পর্কে যোগাযোগমন্ত্রী বলেন, ‘আপৎকালীন পরিস্থিতি মোকাবিলা করতে মেঘনা ঘাটে পাঁচটি ফেরি চালু করেছি।’এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-চট্টগ্রাম চার লেন প্রকল্পের পরিচালক ইবনে আলম হাসান, সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহাব উদ্দিন খান প্রমুখ।এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত: নিজস্ব প্রতিবেদক, ফেনী জানান, ফেনী রেলস্টেশন গত শুক্রবার রাতে পরিদর্শন করেন যোগাযোগমন্ত্রী। এ সময় তিনি রেলওয়ের স্টেট (ভূসম্পত্তি) বিভাগের একজন কর্মচারীকে কর্মস্থলে না পেয়ে তাঁকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন। এ ছাড়া মন্ত্রী ফেনী রেলস্টেশনের বিভিন্ন অফিসকক্ষ ও আশপাশের পরিবেশ দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।