রেলক্রসিংয়ে গেট নেই, গেটকিপারও নেই ছয় বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শহরতলির জানালীহাট স্টেশনের অদূরে বাহির সিগন্যালে গতকাল মঙ্গলবার দুর্ঘটনাকবলিত রেলক্রসিংয়ে গেট নেই। কোনো গেটকিপারও নেই ছয় বছর ধরে। নেই কোনো সতর্কতামূলক ব্যবস্থাও। ফলে মানুষ ও যানবাহনকে ক্রসিং পার হতে হয় সতর্কতার সঙ্গে নিজ দায়িত্বে।
দিনে মাত্র দুবার ওই পথে ট্রেন চললেও ক্রসিংটি পার হয় অসংখ্য যানবাহন। ফলে থাকে দুর্ঘটনার ঝুঁকি। গতকাল ট্রেন-মিনিবাস সংঘর্ষে চারজনের প্রাণহানিই তার প্রমাণ। অবশ্য এ দুর্ঘটনার জন্য প্রত্যক্ষদর্শীরা দায়ী করেছেন মিনিবাসের চালককে।
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সূত্র জানায়, বাহির সিগন্যাল রেলক্রসিং টি-৫-বি নামে পরিচিত ও ‘বি’ শ্রেণীর। এমন ক্রসিংয়ে ন্যূনতম দুজন গেটকিপার থাকার নিয়ম। দুজনের অনুমোদনও রয়েছে। কিন্তু জনবলের অভাবে ছয় বছর ধরে সেখানে গেটকিপার বরাদ্দ করা যায়নি।
রেলওয়ে সূত্র জানায়, এ নিয়ে তিন বছরে পূর্বাঞ্চলে রেলক্রসিংয়ে তিন শতাধিক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় গতকাল চারজনসহ চট্টগ্রাম বিভাগে নিহত হয়েছেন ২৫ জন। রেলের প্রাথমিক তদন্তে জানা গেছে, বেশির ভাগ দুর্ঘটনা ঘটেছে ক্রসিং পার হওয়ার সময় মুঠোফোনে চালকের কথা বলার কারণে।
সূত্র জানায়, জালানীহাট স্টেশনের অধীন এ ক্রসিংয়ে গেট বা গেটকিপার না থাকলেও ছয় বছরে গতকালই প্রথম দুর্ঘটনা ঘটল। ওই রেলপথে দিনে মাত্র একটি লোকাল ট্রেন দুবার চলাচল করে। এর মধ্যে সকালে ট্রেনটি দোহাজারী থেকে চট্টগ্রাম স্টেশনে যায় এবং সন্ধ্যায় ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে দোহাজারী যায়। কিন্তু প্রতিদিন বিভিন্ন ধরনের হাজারের বেশি যানবাহন ওই ক্রসিং পার হয়।
রেলওয়ে পূর্বাঞ্চলের দায়িত্বশীল একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, জনবল ঘাটতির কারণে ওই ক্রসিংয়ে বরাদ্দ করা দুটি পদে গেটকিপার দেওয়া যায়নি। তবে জানালীহাট স্টেশনের আওতাধীন ব্রিটিশ আমলে তৈরি কালুরঘাট সেতুকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ, সেতুর নিরাপত্তা এবং নির্বিঘ্নে গাড়ি চলাচলকে অগ্রাধিকার দিতে সেখানে ছয়জন গেটকিপার দেওয়া হয়েছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওপিএস) মিহির কান্তি গুহ প্রথম আলোকে বলেন, ‘জানালীহাট স্টেশনে বরাদ্দ করা ১১ জন গেটকিপারের মধ্যে আমরা আটজন পেয়েছি। শুধু সেতু এলাকার নিরাপত্তার জন্য ছয়জন সেখানে কাজ করেন। বাকি দুজন কাজ করে কাপ্তাই সড়কের মাথায়।’
রেলওয়ে সূত্র জানায়, পূর্বাঞ্চলে ৫০৫টি অনুমোদিত রেলক্রসিং রয়েছে, যার মধ্যে রেলওয়ে প্রকৌশল দপ্তর ৩৫৯টি এবং পরিবহন (ট্রাফিক) দপ্তর ১৪৬টির নিরাপত্তা নিয়ন্ত্রণ করে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে প্রকৌশল দপ্তরের অধীনে ১২৫ এবং পরিবহন দপ্তরের অধীনে ৩২টি ক্রসিং রয়েছে। পূর্বাঞ্চলে পরিবহন বিভাগের ১৪৬টির জন্য জনবল বরাদ্দ ২৪২ জন। এর মধ্যে স্থায়ী গেটকিপার ১৮৬ এবং অস্থায়ী ৪৩ জন রয়েছে। ঘাটতি রয়েছে ১৪ জন, যার মধ্যে বাহির সিগন্যাল ক্রসিংয়ে কোনো জনবল বরাদ্দ রাখা হয়নি।
কয়েকটি দুর্ঘটনা: রেলওয়ে পূর্বাঞ্চলে তিন বছরে রেলক্রসিংয়ে ছোট-বড় তিন শতাধিক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগ এলাকায় গতকালসহ ১০টি দুর্ঘটনায় মারা গেছেন ২৫ জন। সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটে ২০১১ সালের ১৯ ফেব্রুয়ারি কুমিল্লার রাজাপুর-শশীদল স্টেশনের মাঝামাঝি এলাকায়। সেখানে ট্রেনের সঙ্গে গাড়ির সংঘর্ষে আটজন নিহত ও ১৫ জন আহত হন। একই বছরে বাড়বকুণ্ড ক্রসিংয়ে গাড়ির সঙ্গে ট্রেনের সংঘর্ষে তিনজন নিহত ও দুজন আহত হয়। সূত্র জানায়, ২০১২ সালে ক্রসিংয়ে চারটি দুর্ঘটনায় চারজন নিহত হন। এর মধ্যে তিনটি নোয়াখালী এবং একটি চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় ঘটে। এ ছাড়া গত বছরের ৬ জুন কুমিল্লার হাসানপুরে মহানগর গোধূলীর সঙ্গে পিকআপের সংঘর্ষে তিনজন, ৭ অক্টোবর চট্টগ্রামের কালুরঘাট সেতুর অদূরে গুমদণ্ডী এলাকায় একজন এবং ১৭ অক্টোবর হাসানপুরে একজন মারা যান।