রেলক্রসিংয়ে গেটম্যান নেই ঝুঁকি নিয়ে পারাপার
সময় বেলা সোয়া দুইটা। এ সময় মোটরসাইকেল চালিয়ে সুমন হাসান (২৮) নামে এক তরুণ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলক্রসিং পার হন। তিনি মোটরসাইকেল নিয়ে সরে আসার কয়েক সেকেন্ড পরেই রেললাইনের ওই অংশে একটি যাত্রীবাহী ট্রেন ঢুকে পড়ে। অল্পের জন্য প্রাণে বেেঁচ যান তিনি। কাঁপতে কাঁপতে এসে রেলগেটের পূর্ব পাশে মোটরসাইকেলটি দাঁড় করালে লোকজন তাঁকে ঘিরে ফেলে। এ ঘটনা গত ২৫ সেপ্টেম্বরের। এখানে গেটম্যান না থাকায় সুমন হাসানের মতো অনেক মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।বগুড়ার আদমদীঘি উপজেলার বাসিন্দা সুমন হাসান বলেন, ‘রেলক্রসিংয়ের দুপাশের প্রতিবন্ধক দণ্ড (রেলস্টেশন বার) দুটি নামানো ছিল না। তাই স্বাভাবিকভাবেই রেলক্রসিং পার হচ্ছিলাম। আমি রেলক্রসিং অতিক্রম করার পরেই ট্রেনটি ঢুকে পড়বে, তা কখনো ভাবিনি।’জয়পুরহাট-সান্তাহার সড়কের আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশনের কাছে ১০০ গজের মধ্যেই এ রেলক্রসিং। প্রতিদিন কয়েক হাজার মানুষ হেঁটে ও যানবাহনে করে রেলক্রসিং অতিক্রম করে। রেলক্রসিংয়ের দুপাশে দুটি প্রতিবন্ধক দণ্ড থাকলেও সেগুলো গেটম্যান না থাকায় নামানো হয় না। দুই বছর ধরে এ পরিস্থিতি বিরাজ করছে। আড়াই মাস আগে এ রেলক্রসিং অতিক্রম করতে গিয়ে একটি ট্রেন একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকের চালক ও তাঁর সহকারী গুরুতর আহত হন এবং এটি দুমড়েমুচড়ে যায়।তিলকপুর রেলস্টেশন সূত্রে জানা গেছে, এখানে দুজন স্টেশন মাস্টার, তিনজন পয়েন্টম্যান কর্মরত ছিলেন। এদের মধ্যে একজন পয়েন্টম্যান তিলকপুর রেলক্রসিংয়ের প্রতিবন্ধক দণ্ড ওঠানো ও নামানোর কাজ করতেন। দুই বছর আগে ওই দুজন মাস্টার ও একজন পয়েন্টম্যানকে বদলি করা হয়। এ কারণে এরপর থেকে ওই রেলক্রসিংয়ের প্রতিবন্ধক দণ্ড নামানো হয় না।তিলকপুর স্টেশনে কর্মরত পয়েন্টম্যান গোলাম মোস্তফা জানান, ট্রেন আসা-যাওয়ার খবর না জানতে পারা এবং জনবলের অভাবে রেলক্রসিংয়ের প্রতিবন্ধক দণ্ড ওঠানো ও নামানো যায় না। বিষয়টি তাঁরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন।তিলকপুর ইউনাইটেড কলেজের শিক্ষক জয়নাল আবেদিন বলেন, এখানে দুটি কলেজ, দুটি হাইস্কুল ও প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব প্রতিষ্ঠানে দেড় হাজারের মতো শিক্ষার্থী রয়েছে। প্রতিদিন এসব শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে রেলক্রসিং পারাপার হয়।রেলওয়ের পশ্চিম অঞ্চলের পরিবহন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, দুই বছর ধরে প্রতিবন্ধক দণ্ড ওঠানো ও নামানোর দায়িত্ব পালন না করার বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।