রেলক্রসিংয়ে দুর্ঘটনা রোধে লোকবল নিয়োগের আহ্বান
রেলক্রসিংয়ে দুর্ঘটনা প্রতিরোধে পর্যাপ্ত লোকবল নিয়োগের আহ্বান জানিয়েছেন সাবেক রেলমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
আজ শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমির এক আলোচনা সভায় সুরঞ্জিত এ আহ্বান জানান।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘এবারের ঈদ খুব সুচারুভাবে সম্পন্ন হয়েছে। কিন্তু কিছু দুর্ঘটনা আমাদের মর্মাহত করেছে। বারবাজারের রেলের দুর্ঘটনা খুবই ট্র্যাজিক হয়েছে। আমি রেলমন্ত্রী ছিলাম। আমি জানি, ৭০ ভাগ রেলক্রসিংয়ে লোকবল নেই। দুর্ঘটনা রোধে এ জিনিসগুলোর ওপর নজর দিতে হবে। পর্যাপ্ত লোকবল নিয়োগ দিতে হবে। দায়সারা গোছের দু-একজনকে চাকরিচ্যুত বা তদন্ত কমিটি করলে হবে না। স্থায়ী ব্যবস্থা নিতে হবে।’
দলীয় কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে সুরঞ্জিত বলেন, ‘বিএনপির আন্দোলন প্রতিহত করা হবে, এ ধরনের ফাঁকা বুলি না দিয়ে তাদের ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত হন। এ অভিশপ্ত মাসে যেন আমাদের প্রাণপ্রিয় নেত্রীর জীবননাশের ঘটনা না ঘটে, এ জন্য সতর্ক থাকুন।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে সুরঞ্জিত বলেন, ‘কোথায় আন্দোলন করবেন? কাকে নিয়ে আন্দোলন করবেন? আপনার ডাকে কেউ সাড়া দেবে না।’ তিনি বলেন, আন্দোলনের নামে জঙ্গিবাদ কিংবা পুলিশের অস্ত্র কেড়ে নিলে গণতান্ত্রিক সরকার তার পথ খোলা রাখবে।
স্বতন্ত্র সাংসদ হাজি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, বঙ্গবন্ধু একাডেমির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি প্রমুখ।