রেলগাড়ি লক্কড়-ঝক্কড়
‘লক্কড়-ঝক্কড়’ ইঞ্জিন আর বগি নিয়ে চলে রেলগাড়ি। এতে যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করা যাচ্ছে না। এক-তৃতীয়াংশের বেশি যাত্রীবাহী বগির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। আর ইঞ্জিনগুলোর দুই-তৃতীয়াংশই মেয়াদোত্তীর্ণ। এ নিয়েই চলছে বাংলাদেশ রেলওয়ে।
পরিকল্পনা কমিশনের তৈরি বগি ও ইঞ্জিন কেনার দুটি পৃথক প্রকল্প প্রস্তাবে রেলওয়ের এ দুর্দশার চিত্র উঠেছে। মাঝে মাঝে মাঝপথেই পুরোনো ইঞ্জিনগুলো বিকল হওয়ার ঘটনা হরহামেশাই ঘটছে।
পরিকল্পনা কমিশনের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে রেলওয়েতে ১ হাজার ১৬৫টি মিটারগেজ যাত্রীবাহী কোচ রয়েছে। এর মধ্যে ৪৫৬টি কোচের বয়স ৩৫ বছর পার হয়ে গেছে। মেকানিক্যাল কোড অনুসারে, যাত্রীবাহী কোচের অর্থনৈতিক জীবন (ইকোনমিক লাইফ) ৩৫ বছর। তাই প্রায় ৪০ শতাংশ মিটারগেজ কোচের বয়স উত্তীর্ণ হয়ে গেছে। এ ছাড়া আরও ১৩৫ কোচের বয়স ৩১ থেকে ৩৫ বছর। এর মানে হলো, এসব কোচ আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে মেয়াদোত্তীর্ণ হয়ে যাবে।
অন্যদিকে রেলওয়েতে ৩২৪টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ রয়েছে। এর মধ্যে ৭৮টি কোচের আয়ুষ্কাল শেষ। সব মিলিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ৩৬ শতাংশ বা ৫৩৪টি মেয়াদোত্তীর্ণ কোচ নিয়ে যাত্রীসেবা দিচ্ছে। এসব কোচ দিয়ে যাত্রীসেবা দেওয়ায় যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বিঘ্নিত হচ্ছে বলে রেলপথ মন্ত্রণালয় মনে করে।
রেলওয়ের ইঞ্জিন বা লোকোমোটিভগুলোর অবস্থা আরও খারাপ। মিটারগেজ ও ব্রডগেজ মিলিয়ে দেশে ২৯৩টি ইঞ্জিন রয়েছে। এর মধ্যে ১৮৪টি ইঞ্জিনের মেয়াদ শেষ হয়েছে। ইঞ্জিনের মেয়াদকাল ২০ বছর। মেয়াদোত্তীর্ণ ইঞ্জিনগুলোর অর্ধেকের বেশি বা ১৬৮টির বয়স ৩০ বছর পেরিয়ে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ফিরোজ সালাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, পুরোনো ইঞ্জিন ও বগিগুলো নিয়ে যাত্রীসেবা পুরোপুরি নিশ্চিত করা যাচ্ছে না। বগির ছাদে যাত্রী নিয়েও কুলানো যাচ্ছে না। তিনি আরও বলেন, পুরোনো ইঞ্জিনগুলো প্রায়শ মাঝপথেই বিকল হয়ে যায়। অনেক সময় দেখা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসার পর লাকসাম এসে ইঞ্জিন বসে যায়। ফলে নতুন ইঞ্জিন প্রতিস্থাপন করে যাত্রীসেবা দিতে গেলে অনেক সময় লাগে। এ ছাড়া পুরোনো ইঞ্জিন ও বগি নিয়মিত মেরামতও বেশ ব্যয়সাপেক্ষ।
রেলওয়ের এ বেহাল অবস্থা কাটাতে ইঞ্জিন ও বগি কেনার দুটি পৃথক প্রকল্প নেওয়া হয়েছে। ২০০ মিটারগেজ বগি ও ৫০টি ব্রডগেজ বগি কেনার জন্য ১ হাজার ৩৭৪ কোটি টাকার একটি প্রকল্প রয়েছে। ৭৩৩ কোটি টাকার অপর প্রকল্পে ১০টি মিটারগেজ ইঞ্জিন, দুটি করে মিটারগেজ ও ব্রডগেজ ক্রেন কেনা হবে। প্রকল্প প্রস্তাব অনুযায়ী, ২০১৯ সালের জুন মাসের মধ্যে এসব বগি ও ইঞ্জিন বাংলাদেশ রেলওয়েতে সংযুক্ত হবে। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্প দুটি অনুমোদনের জন্য উঠছে।
রেলপথে যাত্রী ও পণ্য পরিবহন বেশ সাশ্রয়ী। দেশে প্রায় ২ হাজার ৮৭৭ কিলোমিটার রেলপথ রয়েছে। বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, বর্তমানে আন্তনগর, মেইল, কমিউটার, শাটল, লোকালসহ ৩৩৯টি যাত্রাপথ রয়েছে। এসব যাত্রাপথে প্রতিবছর সাড়ে ছয় কোটি যাত্রী পরিবহন করা হয়। সর্বশেষ গত অর্থবছরে (২০১৪-১৫) ৬ কোটি ৭৩ লাখ ৪২ হাজার যাত্রী পরিবহন করেছে রেলওয়ে। এর আগের অর্থবছরে ৬ কোটি ৪৯ লাখ ৫৮ হাজার যাত্রী রেলপথ ব্যবহার করেছেন। অন্যদিকে রেলপথে বছরে গড়ে ২০ থেকে ২৫ লাখ টন পণ্য পরিবহন করা হয়।