রেলগেট ভাঙা যান থামাতে দড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর শহরের ব্যস্ততম ২ নম্বর রেলগেট ভেঙে গেছে। এ কারণে ১০ দিন ধরে দড়ি বেঁধে যানবাহন থামানো হচ্ছে। গাড়ির অনেক চালক এবং পথচারী দড়িকে তেমন পাত্তা না দিয়ে রেলক্রসিং পার হয়ে যাচ্ছেন। ফলে দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। এদিকে রেলগেটটি মেরামতে রেলওয়ে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
সোমবার সরেজমিনে দেখা গেছে, বেলা একটার দিকে দ্রুত ছুটে আসছিল রাজশাহী-সৈয়দপুর পথের আন্তনগর ট্রেন তিতুমীর এক্সপ্রেস। এ সময় গেট রক্ষককে দৌড়ে এসে রেলগেটে একটি দড়ি বেঁধে দিতে দেখা গেল। ওই এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের এক সদস্য ব্যস্ত হয়ে উঠলেন, কেউ যাতে রেলপথে ঢুকে না পড়ে। কাজটি করতে হিমশিম খাচ্ছিলেন তিনি।
২ নম্বর রেলগেট এলাকার ব্যবসায়ী আবু শাওন জানান, ৭ মার্চ থেকে রেলগেটটি অকেজো। গেটরক্ষক প্রতিদিন ট্রেন যাতায়াতের সময় গেটে দড়ি বেঁধে কোনোরকমে যানবাহন নিয়ন্ত্রণ করেন। কিন্তু দড়ি এতটাই সরু যে তা দূর থেকে দেখা যায় না। ফলে অনেক যানবাহন দড়ি অতিক্রম করে রেলপথে ঢুকে পড়ছে। মোটরসাইকেল চালক এবং পথচারীরা দড়িকে তোয়াক্কা না করে রেলপথ অতিক্রম করছেন। এর ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।
সৈয়দপুর রেলওয়ের সহকারী স্টেশনমাস্টার আলমগীর হোসেন বলেন, রেলগেটটি ভেঙে যাওয়ায় ওই এলাকা এখন বেশ ঝুঁকিপূর্ণ। ব্যস্ততম হওয়ায় ওই রেলক্রসিং দিয়ে প্রচুর যানবাহন চলাচল করে।
যোগাযোগ করা হলে পার্বতীপুর রেলওয়ে বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) ফজলুর রহমান বলেন, ‘রেলগেটটি ভেঙে যাওয়ার ব্যাপারে আমি কিছুই জানি না, সংশ্লিষ্ট ব্যক্তিরা এ বিষয়ে আমাকে অবহিত করেনি। তবে গেটটি দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে।’