রেলজংশনে পেট্রলবোমা আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর শহরের জয়দেবপুর রেলওয়ে জংশনের নিয়ন্ত্রণকক্ষে গতকাল শুক্রবার পেট্রলবোমা ছুড়ে মেরেছে দুর্বৃত্তরা। এতে স্টেশন কর্মকর্তা, দুই পুলিশ সদস্যসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। জংশন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে প্ল্যাটফর্মে যাত্রীদের প্রচণ্ড ভিড় ছিল। সকাল পৌনে আটটার দিকে ২০-২৫ জন লোক লাঠিসোঁটা ও পাথর নিয়ে নিয়ন্ত্রণকক্ষের কাচ ভাঙচুর চালায়। এ সময় হট্টগোল শুনে আশপাশের লোকজন ও পুলিশ সদস্যরা এগিয়ে আসেন।
একপর্যায়ে নিয়ন্ত্রণকক্ষে তারা কয়েকটি পেট্রলবোমা ছুড়ে মারলে আগুন ধরে যায়। ঘটনার পর দুর্বৃত্তরা দ্রুত স্টেশন এলাকা ত্যাগ করে। আগুনে নিয়ন্ত্রণকক্ষের কম্পিউটার, কন্ট্রোল বোর্ড, কয়েকটি টেলিফোন সেটসহ আসবাব পুড়ে যায়।
ঘটনার সময় জয়দেবপুর জংশনে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ও রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস দাঁড়িয়ে ছিল। হামলাকারীরা ওই দুটি ট্রেনে হামলার চেষ্টা চালায়। তবে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
অগ্নিকাণ্ডের কারণে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।