
পাবনাবাসীর দীর্ঘপ্রতীক্ষিত ঈশ্বরদী-ঢালারচর রেলপথ নির্মাণকাজ নির্দিষ্ট সময়ে শেষ হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। দুই দফা সময় বাড়ানো হলেও এখনো চলছে মাটি ভরাটের কাজ। কাজের এই ধীর গতিতে হতাশ জেলাবাসী।
বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল বিভাগীয় (ঈশ্বরদী) কার্যালয় ও পাবনা জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১৯৭৪ সালে সরকার ঈশ্বরদী-ঢালারচর রেলপথ প্রকল্পের কাজ প্রথম শুরু করে। সে সময় বেড়া উপজেলার নগরবাড়ি থেকে আরিচা পর্যন্ত নদীপথে ফেরি সেবা চালু ছিল। উদ্যোগ ছিল ঈশ্বরদী থেকে নগরবাড়ি পর্যন্ত রেলযোগাযোগ স্থাপনের। সে অনুযায়ী ঈশ্বরদী থেকে পাবনা পর্যন্ত রেলপথের জন্য জমি অধিগ্রহণ করা হয়। কিন্তু ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর প্রকল্পটি বন্ধ হয়ে যায়।
২০০৮ সালে জাতীয় নির্বাচনের সময় এক টেলিকনফারেন্সে আওয়ামী লীগের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলপথটি স্থাপনের প্রতিশ্রুতি দেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০১০ সালে রেলপথটি নির্মাণের সিদ্ধান্ত হয়। এ সময় আগের নকশায় কিছু পরিবর্তন এনে নগরবাড়ির পরিবর্তে রেলপথটি ঈশ্বরদী থেকে পাবনা হয়ে বেড়া উপজেলার ঢালারচর পর্যন্ত করা হয়। সে অনুযায়ী ২০১০ সালের ৫ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে রেলপথ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের জন্য ৯৮২ কোটি ৮৬ লাখ ৫৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।
২০১১ সালের ৪ মার্চ মন্ত্রিসভার বৈঠকে ঈশ্বরদী-পাবনা-ঢালারচর রেললাইন প্রকল্পে ৬৪ কোটি টাকার দরপত্র আহ্বানের অনুমোদন দেওয়া হয়। ২০১৩ সালের ২ ফেব্রুয়ারি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলপথ নির্মাণকাজের উদ্বোধন করেন। এরপর প্রথম দফায় পাঁচটি প্রকল্পে ১৫৫ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে মাটি ভরাট, রেলপথ স্থাপন, রেলক্রসিং গেট তৈরি ও পাবনা পর্যন্ত স্টেশন নির্মাণের কাজ শুরু করা হয়। নির্মাণকাজ সম্পন্ন করার সময় নির্ধারণ করা হয় ২০১৫ সালের ১৫ ডিসেম্বর। কিন্তু এই সময়ে কাজ শেষ না হওয়ায় দুই দফা মেয়াদ বাড়িয়ে চলতি বছরের জুনের মধ্যে কাজ শেষ করার নতুন সময় নির্ধারিত হয়।
নির্মাণাধীন প্রকল্পের নকশা থেকে জানা যায়, নতুন এই রেলপথটি ঈশ্বরদীর মাঝগ্রাম স্টেশন থেকে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত যাবে। রেলপথের মোট দৈর্ঘ্য হবে ৭৮ কিলোমিটার। এর মধ্যে ১১টি রেলস্টেশন এবং ১০২টি ছোট ও ১১টি বড় সেতু নির্মাণের কথা রয়েছে। লেভেল ক্রসিং গেট থাকবে ৫০টি। এ জন্য ১ হাজার ১৪ দশমিক ২১ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।
গত রোববার সকালে সরেজমিনে দেখা যায়, ঈশ্বরদীর দাশুড়িয়া হয়ে পাবনা সদর উপজেলার মালঞ্চি পর্যন্ত মাটি ভরাটের কাজ প্রায় শেষ। কিছু অংশে চলছে স্লিপার বসানোর কাজ। তবে মালঞ্চি ইউনিয়নের পর থেকে পাবনা পর্যন্ত মাটি ভরাটের কাজ এখনো শেষ হয়নি। ইঞ্জিনচালিত মাটি কাটার যন্ত্র ও শ্রমিকদের দিয়ে চলছে সড়কে মাটি ভরাটের কাজ। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, যে গতিতে কাজ চলছে তাতে নির্ধারিত সময়ে রেলপথ নির্মাণের কাজ শেষ করা সম্ভব নয়। আরও অনেক বেশি সময় লেগে যাবে।
মালঞ্চি ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের রহমত আলী বলেন, ‘নতুন রেললাইন দেহে ভালো লাগতেছে। তয় আস্তে-ধীরে কাম চলায় ভালো লাগতেছে না।’
পাবনা সদর উপজেলার উত্তর শালগাড়িয়া মহল্লার মিলন হোসেন বলেন, ‘এই রেললাইন আমাদের বহুদিনের স্বপ্ন। তাই নির্মাণকাজের ধীর গতি আমাদের হতাশ করছে।’
ঈশ্বরদী-ঢালারচর রেললাইন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা সুবক্তগীন বলেন, ‘জমি অধিগ্রহণের কিছু জটিলতার কারণে কাজে ধীর গতি হয়েছে। এখনো টেবুনিয়া এলাকার প্ল্যাটফর্ম তৈরির জন্য নির্ধারিত জমিটি অধিগ্রহণ করা সম্ভব হয়নি। আমরা সব সমস্যা কাটিয়ে দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছি।’
পশ্চিমাঞ্চল রেলের পাকশী বিভাগীয় কার্যালয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, নানা জটিলতায় কাজের গতি ধীর হচ্ছে। তবে ইতিমধ্যে প্রথম পর্যায়ে ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি কাজও শেষ হবে।