রেলপথ পাহারারত আনসার সদস্য ট্রেনের ধাক্কায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলপথ পাহারায় নিয়োজিত দীপ্তি মিয়া (৫৫) নামের এক আনসার ও ভিডিপি সদস্য ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে সান্তাহার-লালমনিরহাট রেলপথের গাইবান্ধা সদর উপজেলার চাপাদহ পাঁচজুম্মা এলাকায় এ ঘটনা ঘটে। তাঁর বাড়ি সদর উপজেলার কাজলঢোপ গ্রামে।
গাইবান্ধা রেলস্টেশন, প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্র জানায়, ট্রেনে নাশকতা ঠেকাতে দীপ্তি মিয়া কয়েক মাস ধরে রেলপথ পাহারার দায়িত্ব পালন করছিলেন। গতকাল দায়িত্ব পালন করতে গিয়ে তিনি ক্লান্ত হয়ে চাপাদহ পাঁচজুম্মা এলাকায় রেলপথে বসে পড়েন। একপর্যায়ে রেলপথেই ঘুমিয়ে পড়েন। বেলা পৌঁছে তিনটার দিকে লালমনিরহাট থেকে ঢাকাগামী আন্তনগর লালমনি এক্সপ্রেস ট্রেন তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়েন এবং পার্শ্ববর্তী গাছের সঙ্গে ধাক্কা লেগে আহত হন। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত বোনারপাড়া রেলওয়ে থানায় এ ব্যাপারে কোনো মামলা হয়নি।
গাইবান্ধা সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শহিদুল হক বলেন, ট্রেনে নাশকতা ঠেকাতে গত জানুয়ারি মাস থেকে রেলপথ পাহারায় আনসার ও ভিডিপি সদস্য নিয়োগ দেওয়া হয়।