
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ২০১১ সালের ৩ এপ্রিল। আশায় বুক বাঁধে কক্সবাজারবাসী। কিন্তু প্রকল্প কাজ ভিত্তিপ্রস্তরেই সীমাবদ্ধ থেকেছে, আর এগোয়নি। এখন ২৩ ফেব্রুয়ারি কক্সবাজারে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার ঘোষণা দিলেন রেলপথ বাস্তবায়নের। এবার প্রকল্প বাস্তবায়ন হবে তো? এই প্রশ্ন এখন কক্সবাজারের মানুষের মনে।
জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজারের ঘুমধুম পর্যন্ত রেল লাইন নির্মাণ করে দেব। ইতিমধ্যে জমি অধিগ্রহণের কাজ অনেক দূর এগিয়েছে। ঘুমধুম পর্যন্ত রেল লাইন সম্প্রসারিত হলে কক্সবাজারের পর্যটনশিল্পের ব্যাপক প্রসার ঘটবে। পাশাপাশি কক্সবাজারকে আন্তর্জাতিকমানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১১ সালের ৩ এপ্রিল শহরের জেলে পার্ক ময়দানে দলীয় বিশাল জনসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোহাজারি থেকে ঘুমধুম পর্যন্ত ১২৮ কিলোমিটার রেল লাইন সমপ্রসারণের ঘোষণা দেন। ওই দিন তিনি ঝিলংজা বিডিআর ক্যাম্প এলাকায় রেল লাইন স্থাপন প্রকল্পের ভিত্তিফলক উন্মোচন করেন। কিন্তু অর্থসংকটের কারণে প্রকল্পটি বাস্তবায়ন হয়নি।
কক্সবাজার নাগরিক সমাজের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী জানান, কক্সবাজার পর্যন্ত রেল লাইন সমপ্রসারণ সময়ের দাবি ছিল। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায়, তখন কক্সবাজার পর্যন্ত রেলপথ সমপ্রসারণে জরিপ পরিচালনা করা হয়। এরপর বিএনপি সরকার ক্ষমতায় এলে ওই প্রকল্পটি চাপা পড়ে। ২০০৮ সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা রেল লাইন প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেন। প্রায় দুই হাজার কোটি টাকার এই বিশেষ প্রকল্প ২০১০ সালে একনেকের সভায় চূড়ান্ত অনুমোদনও পায়। কিন্তু অর্থ সহায়তা না পাওয়ায় প্রকল্পের তেমন অগ্রগতি হয়নি। এবার শেখ হাসিনার ঘোষণায় জেলার ২৪ লাখ মানুষ আশাবাদী। কিন্তু সেই সঙ্গে শঙ্কাও রয়েছে—‘প্রকল্প বাস্তবায়ন হবে তো?’
কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত দেখার জন্য প্রতি বছর প্রায় ১৫ লাখ মানুষ এখানে ছুটে আসেন। রেললাইন চালু হলে এর সংখ্যা বেড়ে হবে দ্বিগুণ। তখন পর্যটনশিল্পের উন্নতির পাশাপাশি রেলখাতে সরকারের কোটি কোটি টাকা আয় হবে। আমরা শেখ হাসিনার প্রতি আস্থা রেখে বলছি, এবার রেল লাইন হবে।
প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপ করে জানা যায়, দোহাজারি থেকে ঘুমধুম পর্যন্ত ১২৮ কিলোমিটারের রেলপথ প্রকল্পটি বাস্তবায়নে নির্মাণ ব্যয় ধরা হয়েছিল এক হাজার ৮৫২ কোটি টাকা। ১২৮ কিলোমিটারের মধ্যে দোহাজারি থেকে রামু পর্যন্ত রেলপথের দূরত্ব হবে ৮৯ কিলোমিটার। রামু থেকে কক্সবাজার সমুদ্রসৈকত পর্যন্ত রেল লাইন সমপ্রসারণ করা হবে অতিরিক্ত আরও ১১ কিলোমিটার। আবার রামু থেকে দক্ষিণ দিকে মিয়ানমার সীমান্ত উখিয়ার ঘুমধুম পর্যন্ত রেল পথ সমপ্রসারণ করা হবে আরও ২৮ কিলোমিটার।
মোট এই ১২৮ কিলোমিটার রেলপথের মধ্যে চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, কক্সবাজারের চকরিয়া, ডুলাহাজারা, ঈদগাঁও, রামু, কক্সবাজার সদর ও উখিয়ায় নির্মাণ করা হবে ৯টি রেল স্টেশন। এই দীর্ঘ রেলপথে নির্মাণ করতে হবে ৪৭টি সেতু, ১৪৯টি বক্সকালভার্ট ও ৫২টি পাইপ কালভার্ট।
সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে মিয়ানমার, চীনসহ ট্রান্স এশিয়ান রেলওয়ের করিডোরে যুক্ত হবে বাংলাদেশ। ২৭টি দেশের সঙ্গে বাংলাদেশের রেল নেটওয়ার্ক তৈরি হবে। তখন পর্যটন খাতে বৈপ্লবিক পরিবর্তন হবে।