রেলপথ রক্ষার দাবিতে অবস্থান কর্মসূচি পালিত
রেলপথ রক্ষা ও উন্নয়নের দাবিতে গতকাল শনিবার গাইবান্ধা রেলস্টেশনে এক ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। একই দিন জয়পুরহাট রেলস্টেশনে ১৬ দফা দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। গতকাল দুপুর ১২টা থেকে গাইবান্ধা রেলস্টেশনের প্ল্যাটফরমে এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। এরপর আয়োজিত সমাবেশে সিপিবির সভাপতি ওয়াজিউর রহমান, সম্পাদক মিহির ঘোষ, একরাম হোসেন, মোস্তাফিজুর রহমান, তপন বর্মণ, ময়নুল কবির, মিঠুন কুমার প্রমুখ বক্তব্য দেন। সভায় বক্তারা আন্তনগর রংপুর এক্সপ্রেস ট্রেনে আসনসংখ্যা বৃদ্ধি, বোনারপাড়া থেকে দিনাজপুরগামী রামসাগর ট্রেন পুনরায় চালু এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেন চালানোর দাবি জানান। বক্তারা আরও বলেন, গাইবান্ধা থেকে বাসযোগে দিনাজপুর যাওয়ার তেমন কোনো ব্যবস্থা নেই। দু-একটি বাস চললেও ভাড়া বেশি। এ ক্ষেত্রে রামসাগর ট্রেনে কম খরচেই সাধারণ মানুষ যাতায়াত করতে পারত। কিন্তু সরকার অজ্ঞাত কারণে ট্রেনটি বন্ধ করে দিয়েছে। এতে যাত্রীদের সমস্যা হচ্ছে। একই দাবিতে গতকাল বোনারপাড়া ও নলডাঙ্গা রেলস্টেশনে অনুরূপ কর্মসূচি পালিত হয়।জনগণের যোগাযোগ-ব্যবস্থা হিসেবে রেলপথকে অগ্রাধিকার দেওয়া, নতুন রেলইঞ্জিন ও বগি সংযোজন, রেলের জমি পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণ, রেলের দুর্নীতি বন্ধ করা, রেলপথ রক্ষাসহ ১৬ দফা দাবিতে জয়পুরহাট রেলস্টেশনে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়েছে। প্রবীণ রেল শ্রমিকনেতা জসিমউদ্দিন মণ্ডলের ডাকে গতকাল জয়পুরহাট রেলস্টেশনে এ কর্মসূচি পালিত হয়। সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত এ কর্মসূচি চলে। অনশন চলাকালে জয়পুরহাট জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক দেওয়ান বদিউজ্জামান, আবদুর রশিদ, মাহমুদুল ইসলাম, নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। বক্তারা সরকারের প্রতি অচল ট্রেন সচল করার দাবি জানান।