রেলপথে অজ্ঞান পার্টির দৌরাত্ম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল হালিমের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বড়পাড়া গ্রামে। চাকরির সাক্ষাৎকার দিতে ঢাকায় যাওয়ার জন্য আঠারবাড়ী স্টেশন থেকে ময়মনসিংহ লোকাল ট্রেনের যাত্রী হয়েছিলেন তিনি।কিশোরগঞ্জের ভৈরব স্টেশনে নেমে পরে সড়কপথে ঢাকা যাওয়ার লক্ষ্যে বের হলেও ট্রেনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন হালিম। থেমে যায় তাঁর যাত্রা। জীবন হয়ে পড়ে সংকটাপন্ন।হালিম ভৈরব রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে গত ২০ আগষ্ট অর্ধদিবস অচেতন হয়ে পড়েছিলেন। একই দিন শুধু ভৈরবে স্টেশনে হালিমের মতো অবস্থা হয় আরও পাঁচজন যাত্রীর। তারা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়।রেলওয়ে সূত্র জানায়, ঢাকা-চট্টগ্র্রাম রেলপথ চালু হয় ১৯৩৫ সালে। নিরাপদ ও তুলনামূলক কম খরচের বাহন হিসেবে অল্প সময়ের মধ্যে ট্রেন সবার কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে। গত ৭৫ বছরে রেল যোগাযোগ-ব্যবস্থায় অনেক পরিবর্তন এসেছে। চালু হয়েছে আধুনিক সেবা। তবে যে কয়েকটি বিষয়ে রেলওয়ে এখনো উদাসীন, এর মধ্যে অন্যতম হলো অচেতন হওয়া যাত্রীদের চিকিৎসাসেবা। আক্রান্ত যাত্রীদের চিকিৎসাসেবার বিষয়ে রেলওয়ের কোনো দিকনির্দেশনা নেই। নেই অর্থ বরাদ্দ। এ কারণে ঘণ্টার পর ঘণ্টা যাত্রীরা রেলস্টেশনে অচেতন হয়ে পড়ে থাকলেও সবাই পাশ কাটতে চায়। ৮ থেকে ১০ ঘণ্টা পরও চেতনা না ফিরলে স্টেশনে কর্মরতরা এগিয়ে আসেন। ট্রেনে যাত্রীর অচেতন হওয়ার বিষয় লিখিতভাবে জানিয়ে রেলওয়ে পুলিশের মাধ্যমে যাত্রীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের প্রথম আলোকে বলেন, অচেতন যাত্রীদের হাসপাতালে পাঠাতে টাকার প্রয়োজন। তাদের হাসপাতাল পর্যন্ত পৌঁছানোর খরচ রেলওয়ে বিভাগ দেয় না। নিজ দায়িত্বে টাকা জোগাড় করতে হয়।২০ আগষ্ট ভৈরব রেলস্টেশনে গিয়ে দেখা যায়, ২ নম্বর প্লাটফর্মে ছয়জন যাত্রী পড়ে আছে। কিছুটা চেতনা ফেরা কেন্দুয়ার নওয়াপাড়া গ্রামের আবু জাহেরের ছেলে শাহ আলম (৩০) এবং একই এলাকার আবুল কাসেমের ছেলে ফারুক মিয়া (৩২) বলেন, ‘আঠারবাড়ী স্টেশন থেকে ১৮ আগষ্ট ময়মনসিংহ লোকাল ট্রেনের যাত্রী হয়েছিলাম। নীলগঞ্জ স্টেশন অতিক্রম করার পর কী ঘটেছে, তা বলতে পারব না। যা ছিল, সবই নিয়ে গেছে।’একই দিন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ স্টেশনে অচেতন হয় দুজন যাত্রী। নরসিংদীর দৌলতকান্দি স্টেশনে পড়েছিল একজন যাত্রী। গতকাল বুধবার দুপুরেও ভৈরব স্টেশনে অজ্ঞাত পরিচয় এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ভৈরব রেলওয়ে পুলিশের হিসাব মতে, চলতি মাসে ভৈরব স্টেশনে অচেতন হয়ে পড়েছিল ২০ জন যাত্রী। তবে স্টেশনের দোকানিদের হিসাব মতে, এই সংখ্যা হবে তিন গুণ।ভৈরব, নরসিংদী ও আশুগঞ্জ স্টেশন সূত্র জানায়, সারা বছরই অজ্ঞান পার্টির দৌরাত্ম্য থাকে। তবে ঈদুল ফিতর যত এগিয়ে আসে, তাদের দৌরাত্ম্য তত বাড়তে থাকে। অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে যাত্রীরা সংজ্ঞাহীন হয়ে পড়লে উপস্থিত জনতা এগিয়ে আসে। তবে সহযোগিতা করতে নয়, অসহায়ত্ব দেখতে।রেলওয়ের উদাসীনতার ব্যাখ্যা দিতে গিয়ে নরসিংদী স্টেশনের মাস্টার মরণ চন্দ্র দাস বলেন, ‘স্টেশনে যাঁরা চাকরি করেন; তাঁরা কেউ মোটা অঙ্কের বেতন পান না। প্রতিদিন ঘটনা ঘটছে। প্রতিটি রোগী রিকশা-ভ্যানে করে হাসপাতালে পাঠাতে ১৫০-২০০ টাকা খরচ হয়। এই টাকার জোগান কে দেবে?’ স্টেশনে কর্মরত একাধিক পুলিশ সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈশা খাঁ এক্সপ্রেস, কর্ণফুলী, ময়মনসিংহ লোকাল ও নাসিরাবাদ ট্রেনের যাত্রীরাই বেশি অজ্ঞান পার্টির শিকার হয়। আন্তনগর ট্রেনের যাত্রীরও বাদ যায় না।রেলওয়ে কর্মকর্তা ও পুলিশ এই অপরাধী চক্রের কবল থেকে রক্ষা পেতে কিছু পরামর্শ দিয়েছেন; সেগুলো হলো: অজ্ঞান পার্টির সদস্যদের ধরতে পুলিশি ভূমিকা জোরদার করতে হবে, ট্রেনের কামরায় আলোর ব্যবস্থা রাখতে হবে, কোচ বাড়িয়ে যাত্রীদের গাদাগাদি কমাতে হবে। পাশাপাশি এ জন্য রেলওয়েকে বিশেষ বরাদ্দ রাখতে হবে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারীর পদ সৃষ্টি করতে হবে।এ ক্ষেত্রে ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার আবদুল মোতালিবের মনোবেদনার শেষ নেই। তিনি বলেন, বিভিন্ন স্থানে যাত্রীরা আক্রান্ত হয়, আর তাদের ফেলে রাখা হয় ভৈরব স্টেশনে। আগে স্টেশনের কাছে রেলওয়ের একটি হাসপাতাল ছিল, অসুস্থ বা অচেতন যাত্রীদের ধরাধরি করে নেওয়া যেত। পাঁচ বছর ধরে হাসপাতালটির কার্যক্রম বন্ধ। এখন পৌনে এক ঘণ্টার পথ পাড়ি দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে হয়। এতে খরচ বেড়ে যায়।সার্বিক বিষয়ে জানতে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক নিজাম উদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।