রেলপথে নতুন ট্রেনে যাত্রী পরিবহনের দাবি
পঞ্চগড় থেকে ঢাকা সরাসরি রেল যোগাযোগ শুরু হচ্ছে আগামী জুন মাসে। এই রেলপথে নতুন ট্রেনে যাত্রী পরিবহনের দাবিতে গতকাল মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছেন স্থানীয় লোকজন।
ঠাকুরগাঁও রোড রেলস্টেশনেগতকাল সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী ওইমানববন্ধন করা হয়। এতে সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, ঠাকুরগাঁও পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মো. একরামুদৌল্লা, ব্যবসায়ী জাকির হোসেন প্রমুখ বক্তব্য দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পঞ্চগড়-ঠাকুরগাঁওয়ের মিটারগেজ রেলপথকে আধুনিকায়ন করা হয়েছে। তাঁরা শুনেছেন জুন মাসে নতুন এ লাইনে পুরাতন ইঞ্জিন ও বগি দিয়ে রেল যোগাযোগ চালু করা হবে। এ সিদ্ধান্ত এলাকার যাত্রীসাধারণের কাছে মোটেই গ্রহণযোগ্য হবে না। তাই নতুন রেলপথে নতুন ট্রেনে যাত্রী পরিবহনের দাবিতে তাঁরা এ মানববন্ধন করেছেন। এরপরও যদি এ পথে নতুন রেল না পাই, তবে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
ঠাকুরগাঁও রোড স্টেশনমাস্টার মনজুরুল আলম বলেন, ‘২০১০ সালে দিনাজপুরের পার্বতীপুর থেকে পঞ্চগড় র্পযন্ত ১৫০ কিলোমিটারের এ রেললাইনের নির্মাণকাজ শুরু হয়। পাশাপাশি এ পথের ১৯টি রেলস্টেশন সংস্কার করা হয়। এখন আমরা ওই রেলপথ উদ্বোধনের অপেক্ষায় আছি। তবে এ পথে নতুন না পুরোনো ট্রেন চালু হবে, তা আমার জানা নেই।’