রেলপথে নাশকতা রোধে ইউপিতে ইউএনওর চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রেললাইন ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের চিঠি দিয়েছেন।
চিঠিতে দেশের বিরাজমান পরিস্থিতিতে দুষ্কৃতকারীরা যাতে নাশকতা করতে না পারে, সেদিকে ইউনিয়ন পরিষদকে নজর রাখতে বলা হয়েছে। গত মঙ্গলবার চিঠিটি পাঠানো হয়েছে। কয়েকজন ইউপি চেয়ারম্যান ইতিমধ্যে চিঠি পেয়ে গেছেন। চিঠিতে গ্রাম-পুলিশ ও পরিষদের সদস্যদের মাধ্যমে রেলপথে পাহারা ও সরকারি স্থাপনার নিরাপত্তা জোরদার করতে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে রেলপথে নাশকতাকারীদের বিষয়ে তথ্য পাওয়া মাত্র আখাউড়া থানা ও আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মুঠোফোনে জানাতে বলা হয়েছে। চিঠিতে ওই দুইটি থানার ওসির মুঠোফোন নম্বর উল্লেখ করা হয়েছে।
আখাউড়ার মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াহাব ভূঁইয়া গতকাল বুধবার বেলা তিনটার দিকে প্রথম আলোকে জানান, তিনি এখনো চিঠিটি হাতে পাননি। তবে ইউএনও ফোন দিয়ে জানিয়েছেন, পরিষদের গ্রাম-পুলিশ ও ইউপি সদস্যরা গ্রামের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বুধবার (গতকাল) ভোর থেকে তাঁর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম রেলপথের ওপর নজর রাখছেন।
ইউএনও মো. খুরশীদ শাহরিয়র প্রথম আলোকে বলেন, উপজেলার পাঁচটি ইউনিয়নে চিঠি দেওয়া হয়েছে।