রেলপথে নাশকতা, ১১ ঘণ্টা পর ময়মনসিংহের পথে ট্রেন চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় আবারও রেললাইনের ফিশপ্লেট খুলে নিয়েছে দুর্বৃত্তরা। এতে আজ বুধবার ভোরে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। ফলে বেলা সাড়ে তিনটা পর্যন্ত দীর্ঘ ১১ ঘণ্টার বেশি সময় ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ভৈরব-ঢাকা এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ভৈরব-চট্টগ্রাম পথে ট্রেন চলাচল বন্ধ ছিল।

রেলওয়ে ও কিশোরগঞ্জ জিআরপি থানার সূত্রে জানা গেছে, বাজিতপুর উপজেলার হালিমপুর ও মানিকখালী রেলস্টেশনের বগামারা ব্রিজের কাছে ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ভৈরব রেললাইনের ফিশপ্লেট খুলে নেয় দুর্বৃত্তরা। ভোর চারটা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে টাঙ্গাইলের যমুনা সেতু পর্যন্ত যাতায়াতকারী নাসিরাবাদ এক্সপ্রেস ওই জায়গায় পৌঁছালে ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়।
এ ঘটনায় ট্রেনের এক যাত্রী আহত হন। আহত যাত্রীর নাম আমিনুল ইসলাম (২২)। তাঁর বাড়ি শেরপুর জেলায়। তাঁকে কটিয়াদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরারচর রেল স্টেশনমাস্টার চন্দন কুমার সাহা জানান, রাত আড়াইটায় ঢাকা থেকে ছেড়ে আসা এগারোসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি কিশোরগঞ্জের উদ্দেশে সরারচর স্টেশন থেকে ছেড়ে যায়। তাই ভোররাতে দুর্বৃত্তরা নাশকতার কাজটি করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কিশোরগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধার করতে আখাউড়া এবং ময়মনিসংহ থেকে উদ্ধারকারী (রিলিফ) দুটি ট্রেন ঘটনাস্থলে যায়। বেলা আড়াইটার দিকে পড়ে যাওয়া ইঞ্জিনটি লাইনে তোলা হয়। এরপর উদ্ধারকারী ট্রেন দুটি সরে গেলে ওই পথে বেলা সাড়ে তিনটায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে এই নাশকতার কারণে ঢাকাগামী এগারোসিন্দুর আন্তনগর ট্রেন ও ভৈরবগামী ২৪৩ লোকাল আপ ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশনে, ৭৩৮ ময়মনসিংহগামী লোকাল ডাউন, কিশোরগঞ্জগামী এগারোসিন্দুর ভৈরব স্টেশনে আটকা পড়েছিল। হাজার হাজার যাত্রীকে দুর্ভোগ পোহাতে হয়।
গত ২১ ডিসেম্বর বাজিতপুরের সরারচর রেলস্টেশনের অদূরে দুর্বৃত্তরা একই কায়দায় ১০০ ফুট ফিশপ্লেট খুলে ফেলায় এই রেললাইনে কয়েক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।