রেলপথে ব্যাপক নাশকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের রূপদিয়ায় রেললাইনে আগুন দেয় অবরোধ সমর্থকেরা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
যশোরের রূপদিয়ায় রেললাইনে আগুন দেয় অবরোধ সমর্থকেরা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর

১৮-দলীয় জোটের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন আজ মঙ্গলবার রেলপথ ঘিরে নাশকতার ঘটনায় ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে ট্রেন চলাচলের কর্মসূচিতে পরিবর্তন আনা হয়েছে। ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেলপথে যোগাযোগ কার্যত বন্ধ রয়েছে।
পাবনার ঈশ্বরদী, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, ময়মনসিংহ, জামালপুরের মাদারগঞ্জ, চাঁদপুর ও যশোরে রেলপথে নাশকতা ও সহিংসতা ঘটনা ঘটেছে।
রেলওয়ের বক্তব্য: রেলওয়ের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়ার কসবার ইমামবাড়ি রেলস্টেশনের কাছে রেললাইন উপড়ে ফেলায় ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রুটে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনীসহ বিভিন্ন স্টেশনে যাত্রীবাহী আটটি এবং মালবাহী চারটি ট্রেন আটকা পড়েছে।
এ ব্যাপারে রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক তাফাজ্জল হোসেন বলেছেন, বিভিন্ন জায়গায় অবরোধ ও নাশকতার কারণে পূর্বাঞ্চলে রেল চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছে। বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে বা যাত্রা বাতিল করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সর্দার শাহাদাত আলী প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় অবরোধকারীরা রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলায় ময়মনসিংহ-মোহনগঞ্জ, ময়মনসিংহ-বিরিশিরি ও গৌরীপুর-শ্যামগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
তবে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
সর্দার শাহাদাত আলী বলেন, রেলপথে নাশকতার কারণে ট্রেন চলাচলের কর্মসূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। অনেক ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা দেখে ধীরে ধীরে ট্রেন চালাতে হচ্ছে। এতে গন্তব্যে পৌঁছাতে সময় বেশি লাগছে।
মন্ত্রীর বক্তব্য: দুপুরে কমলাপুর রেলস্টেশনে যান রেলমন্ত্রী মুজিবুল হক।  তিনি সেখানে সাংবাদিকদের বলেন, সকাল থেকে এ পর্যন্ত ২১টি ট্রেনের মধ্যে ১৭টি ট্রেন ঢাকার কমলাপুর স্টেশন ছেড়ে গেছে এবং ১৮টির মধ্যে ১৩টি ট্রেন ঢাকায় এসে পৌঁছেছে।
সকাল থেকে ট্রেনের সময়সূচি বিপর্যয় হয়েছে কি না—এমন প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, ‘কোনো বিপর্যয় হয়নি। এটি খুব সামান্য বিষয়। আগামী দু-এক ঘণ্টার মধ্যে সব ঠিক হয়ে যাবে।’

মুজিবুল হক বলেন, ‘রেলপথে নাশকতা ঠেকানোর জন্য আমি রেলমন্ত্রী, রেলের সব ঊর্ধ্বতন কর্মকর্তা, রেল মন্ত্রণালয়সহ পুলিশ বাহিনীর সাহায্যে বিরতিহীনভাবে রেললাইন পাহারা দিচ্ছি। আমরা একদম অ্যালার্ট, কিন্তু এর মধ্যেও চোরাগোপ্তা হামলা চালিয়ে একটি মহল আমাদেরকে বিব্রত করা চেষ্টা করছে এবং দায়িত্ব পালনে বাধা দিচ্ছে।’ তিনি বলেন, ‘রেলের অনেক ইঞ্জিন, বগি নষ্ট করেছে অবরোধকারীরা। কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করেছে তারা। জনগণের কাছে আমার বিচার রেললাইন, বগি ইঞ্জিন কার ক্ষতি করেছে।’

ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, সিরাজগঞ্জগামী এক্সপ্রেস ট্রেনটি জংশন স্টেশনের লোকো এলাকায় ধোয়ামোছার জন্য রাখা ছিল। রাত একটার দিকে অবরোধ-সমর্থকেরা ট্রেনটিতে আগুন ধরিয়ে দেয়। এতে একটি বগি সম্পূর্ণ ও দুটি বগি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। এ ঘটনায় রেলওয়ে থানায় মামলা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

কসবা (ব্রাহ্মণবাড়িয়া): জেলার কসবা উপজেলা সদরের নোয়াপাড়া এলাকায় ও বায়েক ইউনিয়নের সালদা নদী এলাকায় প্রায় দুই কিলোমিটার জুড়ে রেললাইনের স্লিপার তুলে ফেলেছে দুর্বৃত্তরা। ইমামবাড়ি স্টেশনে থেমে থাকা চট্টলা এক্সপ্রেস ট্রেনের দুটি বগিতে সকাল নয়টা ২০ মিনিটে আগুন দেওয়ার ঘটনা ঘটে। রেলের লোকজন এবং পুলিশ ও নিরাপত্তাকর্মীরা সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ফেলেন। এ সময় পুলিশের কনস্টেবল সুমন আহত হন। নবীনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিউর রহমানের নেতৃত্বে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইমামবাড়ি রেলস্টেশন মাস্টার খলিলুর রহমান মণ্ডল জানান, রাতের বেলায় সিগনাল পোস্টগুলো নষ্ট করে দেয় দুর্বৃত্তরা। এতে ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস সকাল ছয়টায় ২০ মিনিটে ওই স্টেশনে আটকা পড়ে। সোয়া নয়টার দিকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। কুমিল্লা-সিলেট মহাসড়কের কুটি চৌমুহনী ও তিনলাখকীর এলাকায় গাছ ফেলে মহাসড়ক অবরোধ করে রাখা হয়েছে।

ময়মনসিংহ: রেলওয়ে ও স্থানীয় সূত্র জানায়, ভোরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বিএনপির কর্মীরা রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলেন। এতে ঢাকা থেকে মোহনগঞ্জগামী ‘হাওড়’ এক্সপ্রেস ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কমপক্ষে ৩০ যাত্রী আহত হয়েছে। এ ঘটনায় ময়মনসিংহ-মোহনগঞ্জ ও ময়মনসিংহ-বিরিশিরি রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। গৌরীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. তারেক বলেন, লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে কাজ চলছে।

মাদারগঞ্জ (জামালপুর): সকাল পৌনে নয়টার দিকে জামালপুর কোর্ট স্টেশনের কাছে জামালপুর থেকে দেওয়ানগঞ্জে চলাচলকারী একটি লোকাল ট্রেনের ইঞ্জিন ভাঙচুরের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। খবর পেয়ে  ঘটনাস্থলে পুলিশ গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। জামালপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম এ তথ্য জানান।

চাঁদপুর: পুলিশ জানায়, সকাল আটটার দিকে শহরের রেললাইনে আগুন দিয়েছেন পিকেটারেরা। শহরের আক্কাছ আলী এলাকায় পিকেটাররা রেললাইনে আগুন ধরিয়ে দেয়। এছাড়া পিকেটাররা রেললাইনের স্লিপার তুলে সেগুলো দিয়ে সড়ক অবরোধ করে।

যশোর: যশোর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার মানিক চন্দ্র সরকার জানান, সিঙ্গিয়া রেলস্টশন কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। দিনাজপুরের পার্বতীপুরগামী ট্রেন ‘রকেট মেইল’ নওয়াপাড়ায় আটকা পড়েছে। এ ছাড়া রূপদিয়া এলাকার রেললাইনে আগুন ধরিয়ে দেওয়ায় ঢাকাগামী ট্রেন ‘চিত্রা এক্সপ্রেস’ সেখানে আটকা পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে আধা ঘণ্টা পরে ট্রেনটি যশোর ছেড়ে যায়। 

(প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন ঈশ্বরদী (পাবনা), মাদারগঞ্জ (জামালপুর), কসবা (ব্রাহ্মণবাড়িয়া), চাঁদপুর প্রতিনিধি; ময়মনসিংহ ও যশোর অফিস)