রেলপথে ৬৬ হাটবাজার

জননিরাপত্তা পায়ে দলে সারা দেশে রেলপথের ওপর গড়ে তোলা হয়েছে ৬৬টি হাটবাজার। এর মধ্যে নারায়ণগঞ্জ থেকে টঙ্গী পর্যন্ত রেলপথের ১৭টি বাজার ট্রেন চলাচলের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে।
বাংলাদেশ রেলওয়ের সর্বশেষ করা তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
রেলওয়ের কর্মকর্তারা জানান, রাজধানীতে রেললাইনের পাশের জায়গা দখল করে সরকারদলীয় লোকজন অন্তত চারটি বড় মার্কেটও গড়ে তুলেছেন। আর রেললাইনের ওপরে বসা বাজারগুলোতে এমন ব্যবসা চলে যে, ট্রেন এলে দোকানিরা পণ্যের ডালা হাতে তুলে দাঁড়িয়ে নানা কসরত করে ট্রেনের ধাক্কা থেকে নিজেদের বাঁচানোর চেষ্টা করেন। ট্রেন চলে গেলে আবার পসরা সাজিয়ে বসেন।
এই ৬৬টি কাঁচাবাজার, মাছবাজার ও গরুর হাটের বেশির ভাগেরই অবস্থান রেললাইনের ওপরে, স্টেশনের পাশ ঘেঁষে ও রেলক্রসিং ধরে। কিছু কিছু বাজার গড়ে উঠেছে সংলগ্ন বস্তিকে কেন্দ্র করে।
যেসব স্থানে একাধিক রেললাইন আছে, সেখানে দুই রেললাইনের ফাঁকে আট ফুট জায়গা থাকে। দুটি ট্রেন পাশাপাশি চললে ফাঁকা জায়গার পরিমাণ পাঁচ ফুটে নেমে আসে। লাইনের দুই পাশে অবৈধ দোকান আর বস্তি থাকায় লাইনের মাঝখানে যাঁরা থাকেন, তাঁদের আসলে সরে যাওয়ারও জায়গা থাকে না। এমন এক পরিস্থিতিতে দুই ট্রেনের মাঝের সংকীর্ণ জায়গায় আটকা পড়ে ট্রেনের ধাক্কায় গত বৃহস্পতিবার চারজন মারা যান।
রেলওয়ে আইনে, লাইনের দুই পাশে অন্তত ১০ ফুট করে এলাকায় সব সময় ১৪৪ ধারা জারি থাকে। মানে, এর ভেতরে ঢোকা নিষিদ্ধ।
রেলের তালিকা অনুযায়ী, নারায়ণগঞ্জ-টঙ্গী রেলপথের বাইরে লাকসাম থেকে চট্টগ্রামের মধ্যে এ ধরনের অবৈধ বাজারের সংখ্যা ১৩। বেশির ভাগই রেলস্টেশনের আশপাশে ও রেলক্রসিংয়ের মধ্যে। রেলের পশ্চিমাঞ্চলে অবৈধ হাটবাজার রয়েছে ২৭টি। এই বাজারগুলো রেলের প্রায় ২৭ একর জমি দখল করে বসানো হয়েছে।
এ ছাড়া গাজীপুর, ময়মনসিংহ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, ফেনী, চাঁদপুর, বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যশোর, ফরিদপুর, রাজবাড়ীসহ যেসব জেলা দিয়ে রেলপথ গেছে, তার প্রায় সব জেলাতেই এমন অবৈধ বাজার গড়ে উঠেছে।
রেলের কর্মকর্তারা জানান, রেলে মোটা দাগে দুই ধরনের জমি আছে—ট্রেন পরিচালনায় ব্যবহৃত ও অব্যহৃত। ব্যবহৃত জমি বলতে রেললাইন, লাইন লাগোয়া ভূমি ও স্টেশন এলাকাকে বোঝায়। এসব এলাকা অবৈধভাবে দখল করে বাজার বা স্থাপনা নির্মাণের অর্থ হচ্ছে যাত্রী, রেলকর্মী, ক্রেতা-বিক্রেতা—সবার নিরাপত্তা বিঘ্নিত হওয়া।
জানতে চাইলে রেলের মহাপরিচালক তাফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, ‘অবৈধ দখল এমন একটা প্রক্রিয়া, সকালে উচ্ছেদ করলে বিকেলে বসে যায়। মালামালসহ নিয়ে এলেও কাজ হচ্ছে না। এখন আমরা অভিযান অব্যাহত রাখা ছাড়া কোনো পথ দেখছি না।’
টঙ্গী থেকে নারায়ণগঞ্জে চারটি মার্কেট: ৬৬ বাজারের বাইরে নারায়ণগঞ্জ থেকে টঙ্গীর মধ্যে রেললাইন ঘেঁষে অন্তত চারটি পাকা মার্কেট গড়ে উঠেছে। এসব মার্কেটের বেশির ভাগেরই উদ্যোক্তা সরকারি দল এবং এর সহযোগী সংগঠনের নেতারা।
এই চার মার্কেটের অবস্থান সায়েদাবাদ রেলক্রসিংয়ের উত্তর পাশে, তেজগাঁও ট্রাক টার্মিনাল-সংলগ্ন মার্কেট, উত্তরা আজমপুর রেলক্রসিং ও আজমপুর কসাইবাড়ী ক্রসিং।
সায়েদাবাদ রেলক্রসিংয়ের পাশে রেলের প্রায় ৪০ কোটি টাকার জমি দখল করে ২০১১ সালে দোতলা মার্কেট গড়ে তোলেন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমবায় ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ ওরফে মহি। সায়েদাবাদ সুপার মার্কেট দোকান মালিক সমিতির নামে করা এই মার্কেটের সভাপতি তাঁর ভাই মইন উদ্দিন আহম্মেদ। ওই মার্কেটে প্রায় ২৪৫ দোকান রয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, মার্কেটটির মূল অংশ পড়েছে

রেলের জমিতে। পেছনের কিছু অংশ ঢাকা সিটি করপোরেশনের জমিতে। প্রথমে মার্কেট করার লক্ষ্যে রেল কর্তৃপক্ষের কাছে করা দোকান মালিক সমিতির আবেদন বাতিল করে দেওয়া হয়। পরে উদ্যোক্তারা সিটি করপোরেশন থেকে অনুমোদন নেয়। কিন্তু রেল তাদের জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান চালায়নি।
রেলওয়ে সূত্র জানায়, এই মার্কেট এলাকায় রেললাইন থেকে প্রস্থে ৭৭ ফুট পর্যন্ত রেলের জমি। সে হিসেবে, মার্কেটের মূল অংশটিই রেলের জমিতে গড়ে উঠেছে বলে দাবি রেল কর্তৃপক্ষের। পেছনের দিকে সায়েদাবাদ বাস টার্মিনালের কিছু জমিও মার্কেটের দখলে এসেছে। টার্মিনাল সিটি করপোরেশনের মালিকানাধীন এলাকা।
জানতে চাইলে এই মার্কেটের দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেন, ‘রেল ও সিটি করপোরেশন দুটিই সরকারি প্রতিষ্ঠান। আমরা সিটি করপোরেশন থেকে অনুমোদন নিয়েছি। তাদেরকে ভাড়াও দিচ্ছি। এখন দুই সরকারি প্রতিষ্ঠান নিজেরা মীমাংসা করবে।’
মার্কেট তৈরিতে রাজনৈতিক নেতাদের সম্পৃক্ততার বিষয়ে জানতে চাইলে হাসান মাহমুদ বলেন, ‘মহি ভাই প্রথমে সহায়তা করেছিলেন। এখন নেই। তাঁর ভাইয়ের দোকান আছে, ব্যবসা করেন। এখানে দলীয় লোকও আছে, অসহায় দোকানদারও আছে।’
তবে মহিউদ্দিন আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘ওই মার্কেটে আমার ভাই ব্যবসা করে। সে তো করতেই পারে। আলাদা খাই। আলাদা বাসায় থাকি। আমি শুনেছি, ওরা সিটি করপোরেশন থেকে অনুমতি নিয়েছে। রেলও সরকারি, সিটি করপোরেশন সরকারি প্রতিষ্ঠান।’
সূত্র জানায়, উত্তরার আজমপুর ও কসাইবাড়ী রেলক্রসিংয়ে গড়ে ওঠা দুটি মার্কেট স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি মিলেমিশে নির্মাণ করেছে। এটি উচ্ছেদের জন্য ২০১২ সালে উদ্যোগ নেয় রেলের ভূসম্পত্তি বিভাগ। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে বলা হয়, উচ্ছেদে না গিয়ে সময় দিতে। এ সময়ের মধ্যে দখলদারেরা আদালত থেকে নিষেধাজ্ঞা নিয়ে মার্কেটের কার্যক্রম চালিয়ে যান। এখন মার্কেটটিতে তৈরি পোশাকসহ নানা পণ্যের বেচাবিক্রি চলছে।
তেজগাঁও ট্রাক টার্মিনালের পাশে রেললাইন ঘেঁষে মার্কেট গড়ে তোলা হয়েছে ট্রান্সপোর্ট এজেন্সি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মকবুল আহমেদ ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কাসেমের (হাতকাটা কাসেম) নেতৃত্বে। সেখানে খুচরা যন্ত্রাংশের দোকান, পরিবহন এজেন্সির অফিসসহ প্রায় ১৫০টি কক্ষ রয়েছে। কয়েকবার উচ্ছেদ করার উদ্যোগ নিয়েও তা করেনি রেল কর্তৃপক্ষ।
এর বাইরে টঙ্গী থেকে নারায়ণগঞ্জের মধ্যে মহাখালী, বনানীসহ বিভিন্ন স্থানে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা রেলের জমিতে কার্যালয় খুলেছেন।
রেলের মহাপরিচালক বলেন, ‘সব ভাঙব। অবৈধ দখলদারের চেয়ে সরকারের হাত অনেক লম্বা। তাই আমরা অবৈধ কোনো কিছুই রাখব না।’