রেলপথের উভয় পাশে দুই হাজার অবৈধ স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর শহরে রেললাইনের উভয় পাশে দুই হাজারের বেশি অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এলাকাটি জনবসতিপূর্ণ হয়ে পড়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি ট্রেন চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গত ১০ মাসে রেললাইনের এই এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে সাত ব্যক্তির মৃত্যু হয়েছে। এদিকে কর্তৃপক্ষ মাঝেমধ্যে উচ্ছেদ অভিযান চালালেও অবৈধ স্থাপনা পুনরায় গড়ে উঠছে।

সৈয়দপুর রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার আলমগীর হোসেন বলেন, রেলওয়ের আইন অনুযায়ী, রেলপথের উভয় পাশের ২০ ফুট করে এলাকা সংরক্ষিত ও বিপজ্জনক অঞ্চল। কাজেই ট্রেন চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন করতে সংরক্ষিত এলাকা দখলমুক্ত রাখা উচিত। তিনি বলেন, ‘এ ব্যাপারে আমরা বারবার সংশ্লিষ্ট বিভাগে আবেদন জানিয়েছি।’
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সৈয়দপুর শহরের পোস্ট অফিস মোড়ের ২ নম্বর রেলগেট থেকে দক্ষিণের প্রায় চার কিলোমিটার এলাকায় রেলপথের উভয় পাশে ২০ ফুটের মধ্যে কমপক্ষে দুই হাজার অবৈধ দোকান ও কলকারখানা গড়ে উঠেছে। এর মধ্যে রয়েছে ডাল, হলুদ, আটা ও ময়দা তৈরির কারখানা, আইসক্রিম তৈরির কারখানা, হোটেল-রেস্তোরাঁ, কামারের দোকান, স্বর্ণকারের দোকান, মাংসের দোকান, তৈজসপত্রের দোকান, পুরোনো কাপড়ের দোকান, বাক্স ও বালতির কারখানা, আসবাব ও ঝালাই কারখানা। এসব দোকান ও কারখানায় ক্রেতা এবং সংশ্লিষ্ট লোকজনের ভিড় লেগেই আছে।
রেলওয়ের একটি সূত্র জানায়, প্রতিদিন সৈয়দপুর থেকে ঢাকা, খুলনা ও রাজশাহীগামী সাতটি ট্রেন ১৪ বার যাওয়া-আসা করে এই রেলপথ দিয়ে। এ ছাড়া দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা সৈয়দপুরে অবস্থিত। মেরামতের জন্য রেলওয়ের অসংখ্য র‌্যাকও (বহর) এই পথ দিয়ে চলাচল করে।
সৈয়দপুর রেলওয়ে থানা (জিআরপি) সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে রেললাইনের এই এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে সাত ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়াও অসংখ্য গরু-ছাগল কাটা পড়ে মারা গেছে এই রেলপথে।
ট্রেনের চালক (লোকোমাস্টার) মনছুর আলী বলেন, সৈয়দপুরে রেলপথের উভয় পাশে যেভাবে অবৈধ স্থাপনা গড়ে উঠছে, তাতে করে ট্রেন চলাচল চরম ঝুঁকিতে রয়েছে। ট্রেনের চালকেরা ওই অবৈধ স্থাপনার কারণে সামনে কিছুই দেখতে পান না। এর ফলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা কিরণ চন্দ্র রায়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সৈয়দপুরে রেলপথের উভয় পাশের অবৈধ স্থাপনা বারবার উচ্ছেদ করা হচ্ছে। সর্বশেষ গত এপ্রিল মাসেও উচ্ছেদ অভিযান চলেছে। কিন্তু উচ্ছেদের পরপরই আবার দখল হয়ে যাচ্ছে। সঠিক তদারকি না থাকায় এমনটি হচ্ছে বলে জানান তিনি। তিনি বলেন, খুব শিগগির রেলপথ থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়া হবে।