রেলমন্ত্রী আসছেন তাই...
নীলফামারীর সৈয়দপুরে রেলের জমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে শহরের হাতিখানা রোডের ফল আড়তের সামনে থেকে রেলস্টেশন পর্যন্ত রেললাইনের দুই পাশের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত আগামীকাল সৈয়দপুরে এসে রেলের কারখানা পরিদর্শন করবেন। তাঁর আগমন উপলক্ষে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা তৎপর হয়ে উঠেছেন। তাঁরা গতকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু করেছেন। সকালে রেলওয়ে স্টেশনের সামনে থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। পশ্চিমাঞ্চল রেলপথের (পাকশী বিভাগ) সহকারী এস্টেট অফিসার আশীষ কুমার চক্রবর্তীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পশ্চিমাঞ্চল রেলওয়ের ফিল্ড কানুনগো মনোয়ারুল ইসলামসহ সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের (জিপিআর) বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের আগমন উপলক্ষে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে কি না, জানতে চাইলে সহকারী এস্টেট অফিসার আশীষ কুমার চক্রবর্তী বলেন, ‘এটি আমাদের রুটিন ওয়ার্ক। পশ্চিমাঞ্চল রেলওয়ের আওতায় সব স্থানে রেলওয়ে লাইনের দুই ধারে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।’