রেলমন্ত্রীর আশ্বাসে রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহার
পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে ডাকা রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। দাবি পূরণে রেলমন্ত্রী নূরুল ইসলামের আশ্বাসের পরই ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন রানিং স্টাফরা।
এর আগে আজ বুধবার ভোরে হঠাত করেই সারা দেশে ট্রেন চলাচল বন্ধ করে দেন ট্রেন চালকেরা। ট্রেন চলাচল বন্ধ থাকায় সারা দেশে অচল অবস্থার সৃষ্টি হয়। কমলাপুর রেলওয়ে স্টেশনে ভোর থেকে শত শত মানুষ অপেক্ষা করেন। হঠাৎ ট্রেন চলাচল বন্ধে বিপাকে সাধারণ মানুষ ও অফিসগামী যাত্রীরা। এর পরই বিষয়টির সমাধানে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে যান রেলমন্ত্রী নূরুল ইসলাম, রেলপথ মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকের পরই সোয়া ১২টার দিকে রেলমন্ত্রী কমলাপুরে সাংবাদিকদের বলেন, ‘অর্থমন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিল করা হবে। বাতিলে সবরকম চেস্টা করা হবে। আগামী ১৯ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক হবে। সেখানের রানিং স্টাফদের দাবি নিয়ে আলোচনা হবে।’
এদিকে কিছুক্ষণের মধ্যে ট্রেন চলাচল শুরু হবে বলে কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার জানিয়েছেন। তিনি জানান, সকাল থেকে ১৭ টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।
রানিং স্টাফ বলতে ট্রেনের চালক, সহকারী চালক, গার্ড ও টিকিট পরিদর্শকদের (টিটি) বোঝানো হয়।
ট্রেনচালক, সহকারী চালক, গার্ড ও টিটিরা ১৬০ বছর ধরে মাইলেজ সুবিধা পাচ্ছিলেন। অর্থাৎ দৈনিক আট ঘণ্টার বেশি কাজ করলে বেসিকের হিসেবে বাড়তি অর্থ পেতেন।
এ ছাড়া অবসরের পর বেসিকের সঙ্গে এর ৭৫ শতাংশ অর্থ যোগ করে অবসরকালীন অর্থের হিসাব হতো। গত বছরের ৩ নভেম্বর এসব সুবিধা বাতিল করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এর পর থেকে আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছিল বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। তবে গত ৩০ জানুয়ারি রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর কর্মসূচি স্থগিত করেন তাঁরা। তবে ১০ এপ্রিল অর্থ বিভাগের এক আদেশে, রেলওয়ের রানিং স্টাফদের মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুতোষিক প্রদানের প্রস্তাব খারিজ করে দেওয়া হয়। এরপর হঠাৎ আজ ভোর থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ করে দেন তাঁরা।
এদিকে হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হওয়ায় বিপাকে পড়েন স্টেশনে আসা লোকজন।