রেলমন্ত্রীর জেলায় ছয় ট্রেনের যত্রতত্র যাত্রাবিরতি!
ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট ও চট্টগ্রাম-চাঁদপুর পথে আন্তনগর ট্রেনের যত নতুন স্টপেজ (যাত্রাবিরতি) যুক্ত হয়েছে, তার বেশির ভাগই রেলপথমন্ত্রী মো. মুজিবুল হকের বাড়ি কুমিল্লায়। এ জেলায় বিভিন্ন স্টেশনে ছয়টি আন্তনগর ও একটি মেইল ট্রেন নতুন করে থামছে। এতে এসব ট্রেনের যাত্রা দীর্ঘ হচ্ছে। ট্রেনের সময়সূচিও ঠিক থাকছে না। বিলম্বে গন্তব্যে পৌঁছায় দূরপাল্লার যাত্রীরাও ভোগান্তিতে পড়ছেন।
বাংলাদেশ রেলওয়ের সূত্র জানায়, এসব ট্রেনের মধ্যে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট পথের ট্রেনগুলোর ক্ষেত্রে আখাউড়া থেকে কুমিল্লা পর্যন্ত অংশে সর্বনিম্ন একটি থেকে সর্বোচ্চ পাঁচটি নতুন যাত্রাবিরতির ব্যবস্থা করা হয়েছে। রাজনৈতিক ও আঞ্চলিক বিবেচনাকে প্রাধান্য দিয়ে গত প্রায় তিন বছরে এটা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রেলওয়ের সাবেক মহাপরিচালক আবু তাহেরের বাড়ি কুমিল্লায়। তিনি ২০১১ সালের জুলাই থেকে চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত রেলের মহাপরিচালক ছিলেন। রেলপথমন্ত্রী মো. মুজিবুল হকের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। তিনি ২০১২ সালের সেপ্টেম্বরে রেলমন্ত্রীর দায়িত্ব পান। মহাজোট সরকারের মতো বর্তমান সরকারের সময়েও তিনি একই দায়িত্বে আছেন। অভিযোগ আছে, তাঁরা আঞ্চলিকতা ও রাজনৈতিক বিবেচনায় নিজ জেলায় একের পর এক স্টপেজ যুক্ত করেছেন।
অবশ্য রেলমন্ত্রী অভিযোগ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘রাজনৈতিক স্বার্থ বিবেচনা করার কথা সঠিক নয়। রেল সেবামূলক প্রতিষ্ঠান। জনগণের চাহিদা ও কষ্টের কথা বিবেচনা করেই আমরা কিছু স্টপেজ বাড়িয়েছি। এতে প্রতিটি স্টপেজে দুই-এক মিনিট করে বেশি লাগছে, যা তেমন কিছু নয়।’
রেলওয়ের সূত্র জানায়, নতুন বিরতি যুক্ত করায় ঢাকা-চট্টগ্রাম পথের আন্তনগর মহানগর প্রভাতী, গোধূলী, তূর্ণা নিশীথা ও চট্টলা এক্সপ্রেস; চট্টগ্রাম-সিলেট পথের উদয়ন ও পাহাড়িকা এবং চট্টগ্রাম-চাঁদপুর পথের মেঘনা এক্সপ্রেসের পরিচলন সময় বেড়ে গেছে। এসব ট্রেনের গড় পরিচলন সময় দেড় থেকে দুই ঘণ্টা বেশি লাগছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক কার্যালয় সূত্র জানায়, আগে ফেনী ও কুমিল্লা স্টেশনসহ যাত্রাপথে মহানগর প্রভাতীর মোট বিরতি ছিল পাঁচটি। পরে যুক্ত হয়েছে কুমিল্লার নাঙ্গলকোট ও লাকসাম। এ দুটি স্থান চৌদ্দগ্রামের কাছে। ফেনী ও ব্রাহ্মণবাড়িয়াসহ গোধূলীর বিরতি ছিল ছয়টি। এগুলোর সঙ্গে যুক্ত হয়েছে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া। তূর্ণার বিরতি ছিল ফেনী, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব ও বিমানবন্দর স্টেশন। নতুন যুক্ত হয়েছে আখাউড়া। সর্বোচ্চ পাঁচটি নতুন বিরতি যুক্ত হয়েছে চট্টলার। আগের বিরতি ফেনী, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব ও বিমানবন্দরের সঙ্গে যুক্ত হয়েছে হাসানপুর, নাঙ্গলকোট, শশীদল এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া।
চট্টগ্রাম-সিলেট পথের পাহাড়িকার বিরতি ছিল ফেনী, লাকসাম, কুমিল্লা, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া ও মাইজগাঁও। নতুন যুক্ত হয়েছে কসবা, নাঙ্গলকোট ও আখাউড়া। উদয়নের বিরতিতে লাকসাম ও নাঙ্গলকোট যুক্ত করে নয়টি করা হয়েছে। চট্টগ্রাম-চাঁদপুর পথের মেঘনার বিরতি ছিল ফেনী, লাকসাম, চিতোষী রোড, মেহের, হাজীগঞ্জ ও চাঁদপুর কোর্ট। নতুন যুক্ত হয়েছে নাঙ্গলকোট ও বলাখাল। বলাখাল সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির নির্বাচনী এলাকায়। ওই কার্যালয় সূত্র জানায়, নতুন বিরতি যুক্ত হওয়ায় প্রভাতী, গোধূলী, পাহাড়িকা ও উদয়নের যাত্রীদের ভোগান্তি বেড়েছে সবচেয়ে বেশি।
রেলওয়ের প্রকৌশলীরা জানান, ৭০ কিলোমিটার গতিবেগে চলা ট্রেনকে একটি বিরতিতে থামিয়ে আবার ওই গতিবেগে নিতে ১০ থেকে ১৫ মিনিট সময় লাগে। এ ছাড়া একটি স্টেশনে থামানোর কারণে বিপরীত দিক আসা অন্য ট্রেনকে যেতে দেওয়ার জন্য অনির্ধারিতভাবেও থামাতে হয়। কখনো কখনো এ কারণে কয়েক জায়গায় থামাতে হয়।
বিলম্বের কারণে ভোগান্তি পোহাচ্ছে দূরপাল্লার যাত্রীরা। গত সপ্তাহে ঢাকা থেকে গোধূলীতে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেন ব্যাংকার আবুল হাসান। ট্রেনটি ঢাকা থেকে দেরিতে ছেড়ে চট্টগ্রামে পৌঁছায় দুই ঘণ্টা দেরিতে। ক্ষোভের সঙ্গে তিনি বলেন, মাঝপথে এত যাত্রাবিরতির পর ট্রেনটি কিছু জায়গায় অনির্ধারিত বিরতি করে। এ কারণে চট্টগ্রামে পৌঁছে মধ্যরাতে। ফলে যাত্রীদের বাসায় যেতে ভোগান্তি হয়।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. মকবুল আহম্মেদ বলেন, ‘যত্রতত্র স্টপেজ দিলে আন্তনগরের আমেজ থাকে না। এটা মেইল বা লোকাল ট্রেনের মতো হয়ে যায়। ভ্রমণের সময় বেড়ে যায়, যা যাত্রীদের জন্য কষ্টদায়ক। কুমিল্লার বিভিন্ন স্টেশনে আন্তনগর ট্রেনের স্টপেজ আমি আসার আগেই দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তারা এলাকার জনগণের চাপে স্টপেজ দিতে নির্দেশ দিলে আমরা কেবল তাঁদের সিদ্ধান্ত বাস্তবায়ন করি।’