রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী একান্ত সচিবের (এপিএস) গাড়িতে ৭০ লাখ টাকা পাওয়ার ঘটনা তদন্তে গঠিত দুটি কমিটি প্রত্যাখ্যান করেছেন রেল মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বিরোধীদলীয় সদস্য রেহানা আক্তার। তিনি হাইকোর্টের বিচারপতির সমন্বয়ে তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন। গতকাল বুধবার সংসদ ভবনে রেল মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে তিনি এ দাবি জানান। এ ছাড়া বৈঠকে গত তিন অর্থবছরে রেলের দরপত্রে কোনো অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়েছে। সূত্র জানায়, বৈঠকে মন্ত্রীর এপিএসের গাড়িতে ৭০ লাখ টাকা পাওয়ার ঘটনাটি উত্থাপন করেন রেহানা আক্তার। বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘অপরাধ করেছে এপিএস, তদন্ত করবে পিএস (ব্যক্তিগত সচিব)। এ থেকেই বোঝা যায়, কী তদন্ত হবে। বিএনপি এই তদন্ত কমিটি প্রত্যাখ্যান করেছে। একই দলের সদস্য হিসেবে আমিও তা-ই করলাম।’পরে সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের বলেন, ‘এ ধরনের ঘটনা অনভিপ্রেত। এপিএস ফারুককে অফিসে আসতে নিষেধ করা হয়েছে। আপনারা যদি মনে করেন, এটা সাসপেনশন তাহলে তা-ই।’ রেহানা আক্তারের বক্তব্য সম্পর্কে সুরঞ্জিত বলেন, নির্বাহী বিভাগের কাজে বিচার বিভাগকে জড়ানো হয় না। তিনি জানান, দুই তদন্ত কমিটির প্রতিবেদন সংসদীয় কমিটির আগামী বৈঠকে উপস্থাপন করা হবে। এপিএসকে আটকের পরে সুরঞ্জিত ফোন করে তাঁদের ছাড়ানোর চেষ্টা করেছেন, এমন অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘আমি কাউকে ফোন করিনি।’ এপিএসের গাড়িতে টাকা পাওয়ার ঘটনা তাঁর রাজনৈতিক জীবনে কোনো প্রভাব ফেলবে কি না—জানতে চাইলে সুরঞ্জিত বলেন, ‘আমাদের মতো দেশে এ ধরনের ঘটনা আগেও ঘটেছে। এ ঘটনাও মোকাবিলা করা হবে।’দরপত্র খতিয়ে দেখতে তদন্ত কমিটি: বৈঠকে চলতি অর্থবছর এবং গত দুই অর্থবছরে রেল বিভাগের দরপত্রে কোনো অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখতে মোহাম্মদ শাহ আলমকে আহ্বায়ক করে একটি উপকমিটি গঠন করা হয়েছে। উপকমিটির অন্য সদস্যরা হলেন এ এ মারুফ সাকলান, আ ক ম বাহাউদ্দিন, গোলাম ফারুক খন্দকার ও রেহানা আক্তার। সূত্র জানায়, বৈঠকে ভারতীয় ঋণে হাতে নেওয়া রেলের ১৪টি প্রকল্পের মধ্যে কয়েকটি প্রত্যাহারের সুপারিশ করা হয়। তবে ঋণের টাকা ফেরত না দিয়ে তা অন্য খাতে ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। কমিটির সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সদস্য রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, এ এ মারুফ সাকলান, মোহাম্মদ শাহ আলম, আ ক ম বাহাউদ্দিন, মজাহারুল হক প্রধান, তানভীর শাকিল, গোলাম ফারুক খন্দকার ও রেহানা আক্তার অংশ নেন।