রেলমন্ত্রী হলেন স্টেশনমাস্টারের ভাই

ভারতে নরেন্দ্র মোদি সরকারের মন্ত্রিসভায় রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিভি সদানন্দ গৌড়। তাঁর ছোট ভাই ডিভি সুরেশ গৌড় কর্ণাটকের একজন স্টেশনমাস্টার। বড় ভাইয়ের কাছে রাজ্যের রেলব্যবস্থার উন্নয়ন দাবি করেছেন ছোট ভাই।
বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, ম্যাঙ্গালুরুর কাছে নন্দিকুরের স্টেশনমাস্টার হিসেবে কাজ করছেন সুরেশ গৌড়া।
ভাইয়ের উদ্দেশে সুরেশ বলেন, ‘আমি আমার ভাইয়ের কাছ থেকে কখনো কিছু আশা করি না। তিনিও তা পছন্দ করেন না। বিধায়ক, সাংসদ ও মুখ্যমন্ত্রী থাকা অবস্থায়ও তাঁর কাছে কিছু চাইনি। এবার তাঁর কাছে দক্ষিণ কানাড়া অঞ্চলসহ রাজ্যের রেলব্যবস্থার উন্নয়ন চাই।’
সদ্য গঠিত মোদির মন্ত্রিসভায় বড় ভাইয়ের ঠাঁই পাওয়ার বিষয়ে আগে থেকেই আশাবাদী ছিলেন সুরেশ। তবে তাঁর ভাই যে রেলের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন, সেটা ভাবতে পারেননি।
১৯৮৫ সালে রেলের সহকারী স্টেশনমাস্টার হিসেবে নিয়োগ পান সুরেশ। নন্দিকুরের স্টেশনের মাস্টার হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০০৮ সালে।