রেলমন্ত্রীর হলুদ উৎসব

পাশাপাশি মঞ্চে বসে বর-কনে। আত্মীয়স্বজন, অতিথিরা একে একে হলুদ লাগাচ্ছেন। মিষ্টিমুখ করাচ্ছেন। সব শেষে বর-কনের সঙ্গে ছবি তুলছেন। হাসিমুখে সবার আবদার মিটিয়েছেন বর-কনে। এভাবেই হলুদ লাগানো, মিষ্টিমুখ, ভোজ, জাদু প্রদর্শন আর গানে হয়ে গেল রেলমন্ত্রী মুজিবুল হকের গায়ে হলুদ অনুষ্ঠান।

গতকাল বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দিনভর চলেছে এ অনুষ্ঠান। দুপুর সাড়ে ১২টার দিকে অনুষ্ঠানস্থলে আসেন বর মুজিবুল হক ও কনে হনুফা আক্তার রিক্তা। এর পরই শুরু হয় হলুদের আনুষ্ঠানিকতা। বরের গায়ে ছিল উজ্জ্বল সোনালি রঙের পাঞ্জাবি ও লাল ওড়না, কনে সেজেছিলেন হলুদ শাড়ি ও বেলি ফুলে।
অতিথিদের বড় অংশ এসেছিলেন মন্ত্রীর নিজ জেলা কুমিল্লা থেকে। কমতি ছিল না অন্য অতিথিদেরও। মন্ত্রীর গায়ে হলুদ মেখেছেন আওয়ামী লীগের নেতা শেখ সেলিম, আ স ম ফিরোজ, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক, তারানা হালিম, ইকবালুর রহিম থেকে শুরু করে অনেকেই। বিকেল সাড়ে চারটায় মঞ্চ থেকে নামেন মন্ত্রী। পৌনে পাঁচটায় তোফায়েল আহমেদ এলে তাঁকে নিয়ে খাওয়াদাওয়া করেন।
দিনভর নানা পদের মিষ্টি দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। ছিল পিঠাপুলি থেকে শুরু করে চটপটি, ফুচকা, কেক, ফলমূল, চা-কফিও। দুপুরে আপ্যায়ন করা হয় মুরগির কাচ্চি দিয়ে। মন্ত্রী হলুদের মঞ্চ থেকে নেমে গেলে শুরু হয় গান। বিকেল সাড়ে চারটায় আরেফিন রুমির ‘সোনা বউ শুনছনি’ গানের সঙ্গে নাচে মেতে ওঠে মিলনায়তন। এ পর্ব চলে সন্ধ্যা পর্যন্ত।
এর আগে বর-কনে দুজনেই দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালই হবু দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন বলে জানালেন রেলমন্ত্রী।
আগামী শুক্রবার কুমিল্লার চান্দিনায় কনের নিজ বাড়িতে বিয়ের মধ্য দিয়ে নতুন জীবনে পা দেবেন রেলমন্ত্রী। এরপর ১৪ নভেম্বর জাতীয় সংসদ ভবন চত্বরে আয়োজন করা হবে বিবাহোত্তর সংবর্ধনার।