রেললাইন উপড়ে, সড়কে কাচের বোতল ও গাছ ফেলে অবরোধ
হরতালের শেষ দিনে গতকাল মঙ্গলবার দেশের কয়েকটি স্থানে নাশকতার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ঢাকা-সিলেট রুটে রেললাইন উপড়ে ফেলায় আন্তনগর উপবন এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় প্রায় ১২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। চাঁদপুরের হাজীগঞ্জে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তায় ভাঙা বোতল ও গাছ ফেলে এবং টায়ার জ্বালিয়ে ১০ ঘণ্টা সড়ক অবরোধ করা হয়। সাতক্ষীরা শহরের রইচপুর এলাকায় সড়ক কেটে এবং কয়েকটি স্থানে ইট ও গাছ ফেলে সড়ক অবরোধ করে দুর্বৃত্তরা। এ ছাড়া বকচরা ও আগড়দাঁড়ি এলাকার কয়েকটি সড়কেও গাছ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। মৌলভীবাজার, চাঁদপুর ও হাজীগঞ্জ (চাঁদপুর) এবং সাতক্ষীরা প্রতিনিধির পাঠানো খবর:মৌলভীবাজার: ঢাকা-সিলেট রেলপথের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ছকাপন ও বরমচাল রেলস্টেশনের মধ্যবর্তী স্থানে গতকাল আন্তনগর উপবন এক্সপ্রেস লাইনচ্যুত হয়। ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এর ফলে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথ প্রায় ১২ ঘণ্টা বন্ধ ছিল। বেলা দুইটায় ট্রেনটি উদ্ধার করে বিকেল সাড়ে চারটার দিকে লাইন চালু করা হয়। এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আটক করা হয়েছে জামায়াত-শিবির ও বিএনপির পাঁচজনকে। কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কান্তি বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘দুর্বৃত্তরা প্রায় ২০ ফুট লাইন খুলে ফানাই নদে ফেলে দিয়েছিল।’ এ ঘটনায় জড়িত সন্দেহে গতকাল দুপুরে কুলাউড়া থানার পুলিশ জামায়াত-শিবিরের আবুল কাশেম আজাদ (৩৬), রেদওয়ানুল হক (২০) ও আবদুস সোবহান (৩৬) এবং বিএনপির আলমগীর হোসেন (৪৬) ও আবদুল মতলবকে (৪০) কুলাউড়া থেকে গ্রেপ্তার করেছে। চাঁদপুর: জেলার হাজীগঞ্জে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তায় বোতল ভেঙে, গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে ১০ ঘণ্টা চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে হরতাল-সমর্থকেরা। এ ছাড়া তারা বলাখাল, বাকিলা ও চাঁদপুর শহরের ষোলঘর এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। সকাল সাড়ে আটটায় চাঁদপুর শহরের চিত্রলেখা মোড়ে জেলা বিএনপির একটি মিছিল বের হলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। এতে কমপক্ষে ১০ জন আহত হয়। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বলেন, রাস্তার গাছগুলো সরিয়ে ফেলা হয়েছে। সন্ধ্যা থেকে হালকা যানবাহন চলাচল শুরু করেছে। এদিকে, গত সোমবার আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষের ঘটনায় বিএনপির ৩৪৬ নেতা-কর্মীকে আসামি করে হাজীগঞ্জ থানায় মামলা হয়েছে। পুলিশ ইতিমধ্যে বিএনপির পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে।সোমবারের সংঘর্ষের রেশ ধরে গতকাল আলীগঞ্জ থেকে হাজীগঞ্জ পূর্ববাজার পর্যন্ত বিএনপি-আওয়ামী লীগের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে।সাতক্ষীরা: শহরের রইচপুর এলাকায় সড়ক কেটে এবং কয়েকটি স্থানে ইট ও গাছ ফেলে সড়ক অবরোধ করে রাখা হয়। এ ছাড়া বকচরা ও আগড়দাঁড়ি এলাকার কয়েকটি সড়কে গাছ ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়।