রেললাইন ঘেঁষে দোকান!
নীলফামারীর সৈয়দপুরে রেললাইনের উভয় পাশে অস্থায়ী পুরান কাপড়ের দোকান বসানো হয়েছে। রেলবিধি লঙ্ঘন করে এসব দোকান বসালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এখানে প্রচুর লোকের সমাগম হয়। এ কারণে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রেলপথ বিভাগের (পার্বতীপুর) সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) এফ রহমান জানান, রেলওয়ে অ্যাক্ট অনুযায়ী রেলপথের উভয় পাশের ২০ ফুট এলাকায় কোনো ধরনের স্থাপনা গড়ে উঠতে পারবে না। একইভাবে রেলপথ এলাকা সংরক্ষিত হওয়ায় সেখানে অবাধ চলাচলও সীমিত করা হয়েছে। কিন্তু সৈয়দপুরে এসব বিধি মানা হচ্ছে না। এ ব্যাপারে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, সৈয়দপুর রেলস্টেশনের ১০০ গজ দূরে ২ নম্বর রেলঘুমটি থেকে প্রায় দুই কিলোমিটার এলাকা দখল করে এসব চাদর বিছিয়ে দোকান বসানো হয়েছে। স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা এসব দোকানে পুরান কাপড় বিক্রি করেন। এ স্থানকে পুরান কাপড়ের বাজার বলা হয়। সৈয়দপুর রেলস্টেশন সূত্রে জানা গেছে, স্টেশনে প্রতিদিন ২৮টি ট্রেন আসা-যাওয়া করে। এখানে দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা থাকায় প্রতিদিনই মেরামতের জন্য অসংখ্য রেলওয়ে ক্যারেজ (বগি) আসে। ফলে সৈয়দপুর শহরের অভ্যন্তর দিয়ে যাওয়ায় রেলপথটি ব্যস্ত থাকে। ২ নম্বর রেলঘুমটি এলাকায় রেললাইনের পাশে দোকান সাজিয়ে বসেছেন জাকির হোসেন। তিনি বলেন, ‘পৌরসভাকে ২০ টাকা টোল দিয়ে আমরা এখানে দোকান বসিয়েছি।’ জিয়াউল, আব্বাস, মিন্টুসহ কয়েকজন ব্যবসায়ী জানান, রেললাইনের উভয় পাশে শুধু তাঁরাই নন, অনেকেই পাকা দোকানপাটও তুলেছেন। সৈয়দপুর পৌরসভার সচিব আশীষ কুমার সরকার জানান, রেলপথ এলাকা পৌরসভার আওতাধীন নয়। কাজেই সেখানে টোল আদায়ের প্রশ্নই ওঠে না। সৈয়দপুর রেলপথ বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মকবুল আহমদ জানান, ২৪ জানুয়ারি সৈয়দপুর স্টেশন থেকে দক্ষিণের ১ নম্বর রেলঘুমটি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় সব রকম অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পরে ২৭ জানুয়ারি থেকে আবার দখল হতে থাকে রেলপথের উভয় পাশ। রেলপথ বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী এফ রহমান বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা জানি। কিন্তু যখন উচ্ছেদ অভিযানে যাই, তখন ওই অস্থায়ী দোকানদারেরা তাঁদের মালামাল সরিয়ে নেন। এ ব্যাপারে সৈয়দপুর স্টেশনমাস্টারকে নির্দেশ দেওয়া হয়েছে।’