রেললাইন ঘেঁষে পশুর হাট
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় রেললাইন ঘেঁষে ও রেলস্টেশনের প্রবেশপথে অবৈধভাবে কোরবানির পশুর হাট বসানো হয়েছে। এ কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করেছেন।
সরেজমিনে দেখা গেছে, ভানুগাছ রেলস্টেশনে রেললাইনের পাশে এবং শমশেরনগর রেলস্টেশনের প্রবেশপথে হাট বসানো হয়েছে। স্থানীয় লোকজন অভিযোগ করেন, প্রভাবশালী ও রাজনৈতিক দলের নেতারা এসব হাট বসিয়েছেন।
গত রোববার সরেজমিনে দেখা যায়, ভানুগাছ রেলস্টেশনের নবনির্মিত স্টেশন ভবনের প্রবেশপথ থেকে শুরু করে গাড়ি রাখার এলাকায় কোরবানির পশুর হাট বসানো হয়েছে। এতে রেলস্টেশনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অন্য দিকে শমশেরনগর রেলস্টেশনের প্ল্যাটফর্মের দক্ষিণ দিকে ১০০ গজের মধ্যে ১ নম্বর রেলপথ ঘেঁষে আরেকটি পশুর হাট বসানো হয়েছে। এ অবস্থায় এখানে যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
ভানুগাছ রেলের স্টেশনমাস্টার রোস্তম আলী ফকির বলেন, বিষয়টি রেলের ভূসম্পত্তি বিভাগের দেখভাল করার কথা। কিন্তু স্থানীয় একটি মহলের চাপাচাপিতে স্টেশনের কার পার্কিং এলাকায় হাট বসানোয় তিনি কোনো প্রকার আপত্তি করতে পারেননি। শমশেরনগর রেলের স্টেশনমাস্টার আবদুল আজিজ বলেন, রেল বিভাগ থেকে পশুর হাট বসানোর বিষয়ে অনুমতি দেওয়া হয়নি। স্থানীয় লোকজন, বিশেষ করে প্রভাবশালী ব্যক্তিরাই এখানে পশুর হাট বসাতে ইজারাদারকে সুযোগ করে দিয়েছেন। যেহেতু বিষয়টি রেলের ভূসম্পত্তি বিভাগের দেখার দায়িত্ব, সেহেতু স্টেশনমাস্টারদের এখানে কিছুই করার নেই।
ভানুগাছ বাজারের ইজারাদার সফর আলী ওরফে সাফু মিয়া বলেন, তিনি এক সনের জন্য বাজার ইজারা নিয়েছেন ছয় লাখ ১০ হাজার টাকায়। বাজারে পশুর হাট থেকে বেশি আয় হয়। কিন্তু বাজারে পশু বিক্রির জন্য কোনো নির্ধারিত স্থান নেই বলে পৌর কর্তৃপক্ষ অস্থায়ী ভিত্তিতে রেলের জমিতে পশু বিক্রির অনুমতি দিয়েছে। শমশেরনগর বাজারের ইজারাদার আবদুস শহীদ সৌদি আরবে থাকায় তাঁর সঙ্গে কথা বলা যায়নি। জানা গেছে, এখানেও পশু বিক্রির নির্ধারিত স্থান না থাকায় রেললাইন-সংলগ্ন জমিতে পশু বিক্রি করা হচ্ছে।
রেললাইনের পাশে পশুর হাট বসানোর অনুমতি দেওয়ার বিষয়ে কথা বলার জন্য কমলগঞ্জ পৌরসভার মেয়র আবু ইব্রাহীম জমশেদের মুঠোফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, ভানুগাছ বাজার ইজারা দেওয়ার দায়িত্ব পৌর কর্তৃপক্ষের। আর শমশেরনগর একটি বড় বাজার হলেও এখানে পশু বিক্রির নির্ধারিত কোনো স্থান নেই। তাই বলে একেবারে রেলপথ ঘেঁষে হাট বসাতে অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।