এক দশকেও চালু হয়নি মৌলভীবাজারের কুলাউড়া-শাহবাজপুর রেললাইন। আওয়ামী লীগের স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিনের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল রেললাইন চালুর। এ নিয়ে এলাকাবাসী বিভিন্ন সময় বিভিন্ন ব্যানারে আন্দোলন করেছেন। কিন্তু কোনো সুফল মেলেনি। এর মধ্যে আগামী শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড়লেখা সফরে আসছেন। তাঁর এই সফরকে কেন্দ্র করে এলাকার লোকজনের মধ্যে ট্রেনলাইনটি চালুর ব্যাপারে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
স্থানীয় লোকজন ও রেলওয়ে সূত্রে জানা গেছে, একাধিকবার ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ২০০২ সালের ৭ জুলাই রেলওয়ে কর্তৃপক্ষ কুলাউড়া-শাহবাজপুর রেললাইন বন্ধ ঘোষণা করেন। এই রেললাইন দিয়ে জেলার বড়লেখা, জুড়ী ও কুলাউড়া এবং সিলেটের বিয়ানীবাজার উপজেলার ছয় থেকে সাত লাখ মানুষ যাতায়াত ও পণ্য পরিবহন করত। রেললাইন বন্ধ হওয়ায় সড়কপথে লোকজনের যাতায়াত ও পণ্য পরিবহন খরচ বেড়ে যায়। জুড়ী, দক্ষিণভাগ, কাঁঠালতলী, বড়লেখা, মুড়াউল ও শাহবাজপুর এই ছয়টি রেলস্টেশনে নীরবতা নেমে আসে। ট্রেনকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যনির্ভর অনেকে বেকার হয়ে পড়েন।
বিগত জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী সব প্রার্থীরই অন্যতম প্রতিশ্রুতি ছিল জয়লাভ করলে কুলাউড়া-শাহবাজপুর রেললাইন চালু করা। আওয়ামী লীগের মো. শাহাবউদ্দিন নির্বাচিত হওয়ার পর একাধিকবার কুলাউড়া-শাহবাজপুর রেললাইন চালুর বিষয়টি সংসদে উত্থাপন করেন। কিন্তু আজ অবধি কাজ হয়নি।
সংস্কারের অভাবে এ রেললাইনের ছয়টি স্টেশনের ভবন জরাজীর্ণ হয়ে পড়েছে। স্লিপারের কাঠ মাটিচাপা পড়ায় উইপোকায় খেয়ে ফেলেছে। পরিত্যক্ত থাকায় রেললাইন ও স্টেশনের লোহালক্কড় চুরি হচ্ছে।
অনেকেই মনে করছেন প্রধানমন্ত্রী শনিবারের জনসভায় ট্রেনলাইন চালুর ঘোষণা দিতে পারেন। বড়লেখা পৌরসভার মেয়র মো. ফখরুল ইসলাম বলেন, ‘ট্রেনটি চালু হোক—এটা এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। ট্রেন চালু করতে যত দ্রুত পদক্ষেপ নেওয়া হবে, তত ভালো।’
মৌলভীবাজার-১ আসনের সাংসদ মো. শাহাব উদ্দিন সোমবার বলেন, ‘ট্রেন চালুর বিষয়টি আমার নির্বাচনী প্রতিশ্রুতি। সরকারের সময়ের মধ্যেই এর কার্যক্রম শুরু হবে। প্রধানমন্ত্রীর কার্যসূচিতে না থাকলেও ট্রেনলাইন চালুর বিষয়টি প্রায় চূড়ান্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী জনসভায় ট্রেনলাইন চালুর ঘোষণা দেবেন।’