নীলফামারীর সৈয়দপুরের গোলাহাট বধ্যভূমি থেকে মাটি কাটা হচ্ছে। বধ্যভূমিটি সৈয়দপুর রেলওয়ে কারখানার উত্তর পাশে অবস্থিত। এখান থেকে মাটি কেটে নেওয়ায় রেলওয়ে কারখানার দার্জিলিং গেট হুমকিতে পড়েছে।মাটি কেটে ট্রাক্টরে করে সৈয়দপুর-চিলাহাটি রেলপথের পাশ ঘেঁষে নিয়ে যাওয়া হচ্ছে। এতে রেললাইনের আধা কিলোমিটার অংশের মাটি কয়েক ইঞ্চি দেবে গেছে। যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।বধ্যভূমি-সংলগ্ন সৈয়দপুর শহরের গোলাহাট ওয়াপদা মোড় এলাকার বাসিন্দা সাবদার হোসেন বলেন, ‘১০-১৫ দিন ধরে দেখছি, রেললাইনের পাশ ঘেঁষে ট্রাক্টরে মাটি বহন করা হচ্ছে। কাছে গিয়ে দেখি, মাটি কাটা হচ্ছে গোলাহাট বধ্যভূমি থেকে। আমরা বাধা দিয়েছিলাম। কিন্তু ওরা আমাদের কথা শোনেনি।’সম্প্রতি সরেজমিনে দেখা যায়, একটার পর একটা ট্রাক্টর এসে বধ্যভূমি থেকে মাটি ভরে নিয়ে যাচ্ছে। সেখানে কথা হয় ট্রাক্টরচালক ফরিজুল ইসলামের সঙ্গে। তিনি জানান, বেলাল হোসেন নামের এক ব্যক্তি তাঁর ট্রাক্টর ভাড়া নিয়েছেন। সারা দিন মাটি বহন করছেন তিনি। এ জন্য দৈনিক এক হাজার টাকা ভাড়া দেওয়া হচ্ছে। যে জায়গা থেকে মাটি কাটা হচ্ছে সেটা বধ্যভূমি কি না, তা তাঁদের জানা নেই। সৈয়দপুর-চিলাহাটি রেলপথের পাশ দিয়ে মাটিবাহী ট্রাক্টরগুলো চলাচল করছে। ট্রাক্টরগুলো বধ্যভূমি থেকে সৈয়দপুর বাইপাস সড়কে পৌঁছে বিভিন্ন গন্তব্যে চলে যাচ্ছে।বাইপাস সড়কের রেলগেটের গেটরক্ষক রশিদুল ইসলাম জানান, বধ্যভূমি থেকে বাইপাসের দূরত্ব আধা কিলোমিটার। এই আধা কিলোমিটার রেললাইনের পাশের মাটি পাঁচ থেকে ছয় ইঞ্চি দেবে গেছে। এতে যেকোনো সময় মাটি ধসে দুর্ঘটনা ঘটতে পারে, এই আশঙ্কায় বিষয়টি তিনি কর্তৃপক্ষের কাছে মৌখিক অভিযোগ করেছেন।সৈয়দপুর রেলওয়ে কারখানার কার্য ব্যবস্থাপক কাজী মোহাম্মদ ওমর ফারুক জানান, রেলভূমি থেকে মাটি কাটার বিষয়টি জানা নেই। এ নিয়ে রেলওয়ে ভূসম্পত্তি বিভাগকে জানানো হবে বলে আশ্বাস দেন তিনি। শহীদস্বজন তপন কুমার দাস জানান, ‘এখানে আমার পুরো পরিবারের নিথর দেহ পড়ে আছে। এ বধ্যভূমিতে ৪৪৭ জন হিন্দু-মারোয়াড়িকে হত্যা করা হয়। এখানে আমরা একটি স্মৃতিসৌধ নির্মাণের দাবি করছি ৪২ বছর ধরে। অথচ সেখান থেকে মাটি কাটা হচ্ছে। এটা মুক্তিযুদ্ধের স্মৃতিকে অবমাননা।’ শহীদস্বজন রাজ কুমার পোদ্দার, নিজু কুমার আগারওয়ালা অবিলম্বে বধ্যভূমি থেকে মাটি কাটা বন্ধের দাবি জানান।বধ্যভূমি থেকে মাটি কাটছেন ওয়াপদা মোড় এলাকার বাসিন্দা বেলাল হোসেন। তিনি জানান, ‘বধ্যভূমির পাশের জমিগুলো আমার। আমি আমার জমি থেকে মাটি কাটছি।’ তবে তিনি স্বীকার করেন, রেলপথের পাশ দিয়ে মাটি বহন করায় রেললাইনের পাশের মাটি দেবে যাচ্ছে। ট্রাক্টরচালকেরা রেলের লোকজনকে টাকা-পয়সা দিয়ে কাজটি করছেন।রেলওয়ে পাকশীর ভূসম্পত্তি কর্মকর্তা কিরণ রায় বলেন, ‘বধ্যভূমি মানে আমাদের চেতনা, স্পর্শকাতর জায়গা। ওই ভূমি থেকে মাটি কাটা মানে শহীদসন্তান তথা এ দেশের মানুষের অনুভূতিতে আঘাত হানার শামিল। শিগগিরই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’