রেললাইন থেকে চুরি করা লোহার পাত জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় রেললাইন থেকে চুরি করা বিপুল পরিমাণ লোহার পাত (স্লিপার) জব্দ করা হয়েছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানাসংলগ্ন গেট বাজার এলাকার রেলওয়ের একটি পরিত্যক্ত কোয়ার্টার থেকে পাতগুলো জব্দ করে পুলিশ। পাশাপাশি সেখান থেকে রেললাইন কাটার কাজে ব্যবহূত দুটি গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন সরঞ্জাম ও পাত বহনে ব্যবহূত দুটি রিকশাভ্যান জব্দ করা হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, গোপন সূত্রে খবর পেয়ে ওই দিন রাত তিনটার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রেললাইনের পাত চুরির সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যান।
পরে পুলিশ রেলওয়ের একটি পরিত্যক্ত কোয়ার্টার থেকে চার-পাঁচ ফুট দৈর্ঘ্যের ২৫টি এবং ২০ ফুট দৈর্ঘ্যের একটি লোহার পাত জব্দ করে। উদ্ধার করা লোহার পাতের বাজারমূল্য কয়েক লাখ টাকা বলে ওসি জানিয়েছেন। এ ঘটনায় সৈয়দপুর থানায় একটি মামলা হয়েছে।