একাত্তরের নভেম্বর থেকে পিছু হটতে থাকে পাকিস্তানি সেনারা। এর মধ্যে বেশ কয়েকটি আত্মসমর্পণের ঘটনা ঘটে। আজ পড়ুন ভৈরবের কাহিনি

‘১০ ডিসেম্বরের পর থেকে পূর্বাঞ্চলের নানা জায়গায় পর্যুদস্ত পাকিস্তানি সেনারা নিরাপদ আশ্রয়ের খোঁজে ভৈরবে এসে জড়ো হতে থাকে। সংখ্যায় তারা সাড়ে ১১ হাজার হবে। তারা ছড়িয়ে-ছিটিয়ে অবস্থান নিয়েছিল ভৈরব বাজারের বিভিন্ন ভবনে। সেনাদের সঙ্গে জনা পনেরো ঊর্ধ্বতন কর্মকর্তাও ছিল। ভৈরবে এসে তারা শক্ত প্রতিরোধ গড়ার চেষ্টা করে।’
বলছিলেন নরসিংদীর রায়পুরা অঞ্চলের মুক্তিবাহিনীর গ্রুপ কমান্ডার আবুল কাসেম ভূইয়া। যুদ্ধদিনের শেষ দিককার স্মৃতিচারণা করতে গিয়ে এই মুক্তিযোদ্ধা বলেন, ১৬ ডিসেম্বর ঢাকার আত্মসমর্পণ সম্পর্কে পুরোপুরি অবগত ছিল না পাকিস্তানি সেনারা। ফলে আত্মসমর্পণ করবে কি করবে না—এ নিয়ে দ্বিধায় পড়ে যায় তারা। পাকিস্তানি বাহিনীর মেজর এজাজ এই সিদ্ধান্ত নিতে সময় নেন তিন দিন। শেষে অনেক নাটকীয়তার পর ১৯ ডিসেম্বর মিত্রবাহিনীর ৫৯ মাউন্টেন ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার কর্নেল কোহালির কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনী।
সেদিনের আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের মধ্যে আবুল কাসেম ভূইয়া উপস্থিত ছিলেন। প্রথম আলোকে তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া থেকে আসা পুরো এক ব্রিগেড পাকিস্তানি সেনাকে আত্মসমর্পণ করাতে ১৬ ডিসেম্বর কর্নেল কোহালির নেতৃত্বে মেজর এ এস যাদব, স্কোয়াড্রন লিডার বি জে কে রায়, ক্যাপ্টেন সাকসেনাসহ মিত্রবাহিনীর একটি দল ভৈরবে আসে। তারা রেলওয়ে স্টেশনের ডাক্তারখানার (বর্তমানে ভৈরব রেলওয়ে হাসপাতাল) কয়েকটি কক্ষে অবস্থান নেয়। আত্মসমর্পণের জন্য ওই দিনই মেজর এজাজের কাছে বার্তা পৌঁছানো হয়। কিন্তু সাড়া মেলেনি। পাকিস্তানিদের বশে আনতে মিত্রবাহিনী কার্পেট শেলিং চালানোর সিদ্ধান্ত নেয়। ১৭ ডিসেম্বর থেকে কার্পেট শেলিং শুরু হওয়ার পর পাকিস্তানিদের ভীত কিছুটা নড়ে ওঠে। মনোবলও ভেঙে পড়তে থাকে। আত্মসমর্পণে একবার রাজি হলেও পরে বেঁকে বসে তারা। আবার শুরু হয় কার্পেট শেলিং। আরও বড় আক্রমণ চালানোর হুমকি দেওয়া হয়। শেষে পাকিস্তানিরা ১৯ ডিসেম্বর আত্মসমর্পণ করতে রাজি হয়। সকাল ১০টায় সময় ঠিক হয়। স্থান ভৈরব শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনে।
আবুল কাসেম ভূইয়া বলেন, শীতের সকাল, হালকা রোদ। পোশাক পরে, পুরো প্রস্তুতি নিয়ে কর্নেল কোহালির সঙ্গে তিনিও চেয়ার পেতে বসেছিলেন। কিন্তু পাকিস্তানিরা আসছিল না। তখন কোহালি একটু চিন্তিত হয়ে পড়লেন। সহকর্মীদের উদ্দেশে কৌহালি বললেন, ‘কী ব্যাপার! নতুন কোনো ফাঁদে পড়ে যাচ্ছি নাকি!’ মেজর যাদব তাঁকে আশ্বস্ত করলেন। বললেন, ‘নো টেনশন স্যার। পুরো প্রস্তুতি নেওয়া আছে। চাইলেই গুঁড়িয়ে দেওয়া যাবে।’
নির্ধারিত সময়ের সোয়া এক ঘণ্টা পর মেজর এজাজের নেতৃত্বে পাকিস্তানি বাহিনী আসতে শুরু করল। এসে যখন জানতে পারল, আবুল কাসেম মুক্তিবাহিনীর সদস্য, তখন পাকিস্তানি কয়েকজন সেনা কর্মকর্তা দৌড়ে আড়ালে চলে যায়। তাদের ধারণা ছিল, প্রতিশোধপরায়ণ হয়ে মুক্তিবাহিনী তাদের মেরে ফেলতে পারে। শেষে ১১টা ৪০ মিনিটে কোমরের বেল্ট খুলে, পিস্তল তুলে দিয়ে শুরু হয় আত্মসমর্পণ-প্রক্রিয়া। সাদা কাগজে পাকিস্তানি বাহিনীর নামের তালিকা করা হয়। পরদিন তাদের সার বেঁধে নিয়ে যাওয়া হয় ভৈরব রেলওয়ে স্টেশনে। রেলপথ ধরে পায়ে হাঁটিয়ে সাড়ে ১১ হাজার সেনাকে নেওয়া হয় ঢাকার পুরাতন বিমানবন্দরের কাছের একটি ক্যাম্পে। ২০ ডিসেম্বর সকালে রওনা হয়ে তারা সন্ধ্যায় ঢাকায় পৌঁছায়।
ভৈরবে সাড়ে ১১ হাজার পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করেছিল বলে জানান স্থানীয় আরেক মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন।
তবে মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক সি এম তারেক রেজার একাত্তর: বিজয়ের সেই ক্ষণ বইতে ভৈরবে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ভিন্ন বিবরণ পাওয়া যায়। সেখানে বলা আছে, ৫ ডিসেম্বর আখাউড়া পতনের পর পাকিস্তানি সেনাদের বেশির ভাগ ব্রাহ্মণবাড়িয়ায়, কিছু অংশ আশুগঞ্জের দিকে পলায়ন করে। ছোট শহর আশুগঞ্জকে দুর্ভেদ্য করে ফেলেছিল তারা। ১০ ডিসেম্বর আক্রমণের মুখে আশুগঞ্জ ছেড়ে পাকিস্তানি বাহিনীর ১৪ ডিভিশনের জিওসি মেজর জেনারেল কাজী আবদুল মজিদ খান ভৈরবে অবস্থান নেন। একপর্যায়ে ১৬ ডিসেম্বর ঢাকায় আত্মসমর্পণের সঙ্গে সঙ্গে ভৈরবে অবস্থিত পাকিস্তানি বাহিনী মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন ভৈরবে আমাদের নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা)